Home » ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে, নির্দেশ নির্বাচন কমিশনের

২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে, নির্দেশ নির্বাচন কমিশনের

সময় কলকাতা ডেস্ক,২২ জুনঃ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ের পরেই পঞ্চায়েত নির্বাচনে জেলাপ্রতি মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়েই আদালতে বড়সড় প্রশ্নের মুখে রাজীব সিনহা। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে নির্বাচন কমিশনকে। পাশাপাশি, রাজীব সিনহার উদ্দেশে তাঁর বার্তা, “ভোটের কাজের চাপ সামাল দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন। রাজ্য সরকার নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করবে।”

গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয়। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে কমিশন ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। শীর্ষ আদালতও হাই কোর্টের রায় বহাল রাখে। আদালতের রায়ে চাপে পড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে রাজি হয় নির্বাচন কমিশন। তবে, জেলাপ্রতি মাত্র ১ কোম্পানি করে বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেন রাজ্য নির্বাচন কমিশনার। যার প্রতিবাদে হাই কোর্টে আদালত অবমাননার মামলা করে বিজেপি। সেই মামলাতেই হাই কোর্টের নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রের কাছে বাহিনী চাইতে হবে কমিশনকে।

আরও পড়ুন   প্রতি জেলায় ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সিদ্ধান্ত কমিশনের

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, “২০১৩ সালে যে পরিমাণ বাহিনী মোতায়েন ছিল, তার থেকে কম বাহিনী চাইলে হবে না। বরং তার থেকে বেশি চাইতে হবে, কারণ এখন জেলার সংখ্যা বেশি।” কলকাতা হাই কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ, কমিশন যে ২২ কোম্পানি বাহিনী চেয়ে পাঠিয়েছে, সেটা নির্বাচনের জন্য যথেষ্ট নয়। প্রধান বিচারপতির প্রশ্ন, “১৭০০ জন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার জন্য পর্যাপ্ত হবে? নাকি ৮০ হাজার হবে? নাকি ৮ লাখ বাহিনী লাগবে? এটা ঠিক করা কি আদালতের কাজ? আমরা তো কমিশনের ওপরই মূল্যায়নের কাজ ছেড়েছিলাম। কিন্তু তারা অযথা বিষয়টি দীর্ঘায়িত করেছে। তাই সব জেলায় বাহিনী দিতে আমরা বাধ্য হয়েছিলাম। আদালতের উদ্দেশ্য ছিল গোটা পর্বের নিরাপত্তা সুনিশ্চিত করা। অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি।

About Post Author