Home » কে জিতবে উত্তরপাড়ায়?

কে জিতবে উত্তরপাড়ায়?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ২৭ এপ্রিল : ত্রিমুখী বা বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা বঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের অন্যতম তাৎপর্যপূর্ণ বিষয়। বিগত বিধানসভা নির্বাচনে একটিও আসন না পাওয়া সিপিএম ও বামফ্রন্ট ২০২৪ সালের লোকসভা ভোটেও প্রভাব ফেলতে পারেনি। এদিকে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ইঙ্গিত মেলে পায়ের তলায় মাটি কিছুটা হলেও শক্ত করতে শুরু করেছে কংগ্রেস। মালদা ও মুর্শিদাবাদে কংগ্রেসের কিছুটা হলেও রাজনৈতিক উত্থান ঘটে। ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল বিজেপি ব্যতীত তৃতীয় শক্তি যে ৪২ টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের ১২টি কেন্দ্রে এগিয়েছিল তার মধ্যে ১১ টি কেন্দ্রেই প্রথম স্থানে ছিল কংগ্রেস। উত্তরের মত দক্ষিণবঙ্গেও বামফ্রন্ট খুব সুবিধা করতে পারেনি। তবে এবার পরিস্থিতি কিছুটা হলেও পাল্টেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদ ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক আসনে সিপিএম ও বামফ্রন্ট নিজেদের শক্তি পুনরুদ্ধার করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। এরকমই একটি আসন হুগলি জেলার উত্তরপাড়া। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির মাঝেও বাম-কংগ্রেস জোট প্রায় ২২% ভোট পেয়েছিল। এবার এই কেন্দ্রে বাম প্রার্থী বঙ্গের বাম আন্দোলনের প্রধান সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাই প্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামে প্রার্থী হলেও ভোট বাক্সে মীনাক্ষী মুখোপাধ্যায়কে খুঁজেই পাওয়া যায়নি। নন্দীগ্রাম কেন্দ্রে যা ভোট পড়েছিল তার ৯৫ শতাংশর বেশি ভোট ভাগ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে। এবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ভোট লক্ষী কতটা সদয় হবে মীনাক্ষীর প্রতি তা সময়ই বলবে তবে তিনি লড়াইয়ে আছেন এবং এই বিধানসভা কেন্দ্রে বামেদের ভোট প্রতিষ্ঠান বিরোধিতায় বিজেপির দিকে প্রবাহিত হবে না তা এককথায় নিশ্চিত। একদা বাম দুর্গ উত্তরপাড়ায় লাল পতাকা উড়বে কিনা তা না বলা গেলেও মীনাক্ষী মুখার্জী এই কেন্দ্রের অন্যতম প্রধান শক্তি। এদিকে, এখানে বিজেপিও বিগত কিছুদিন ধরেই অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রে বিজেপি শক্তি বৃদ্ধির প্রমাণ ও রাখে। ১৬ শতাংশ ভোট বাড়িয়ে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল পেয়েছিলেন প্রায় ২৯ শতাংশ ভোট। এবারও বিজেপির প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী রীতিমতো সাড়া ফেলে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। তবে যত দিন গেছে, যত ভোট এগিয়ে এসেছে – তত বেশি বিতর্কিত হয়ে উঠেছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। প্রাথমিকভাবে তিনি প্রাক্তন এনএসজি কম্যান্ডো হিসেবে নিজেকে দাবি করলেও সেই দাবি একদমই সঠিক নয় এরকম বার্তা ছড়িয়ে পড়ে, যা বিজেপির প্রার্থী এবং বিজেপির পক্ষে শুধুই অস্বস্তি বাড়িয়েছে। দীপাঞ্জনের অস্বস্তি আরো বাড়িয়েছেন দেশের সামরিক বিভাগের একাধিক আধিকারিক। ফলে সময়ের সাথে সাথে ২০২১ সালে উত্তরপাড়া থেকে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হওয়া কাঞ্চন মল্লিকের বদলে বিধানসভা নির্বাচনে পা রেখে কল্যান বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বিজেপির চেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন। প্রসঙ্গত এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক নিকটতম বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রবীর ঘোষালকে ৩৬ হাজার ভোটে হারিয়ে গিয়েছিলেন। তবে বিধায়ক হিসেবে কাঞ্চন মল্লিক দ্রুত জনপ্রিয়তা হারাতে শুরু করেন ও তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়িয়ে চলছিলেন। প্রতিষ্ঠান বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছিল উত্তরপাড়া কেন্দ্রে। তবে এত কিছুর মাঝেও ২০২৪ সালের লোকসভা ভোটে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে ৯ হাজারের বেশি ভোটে লিভ নিয়ে নেন এখানের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচনেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূলের অদৃশ্য শক্তি হিসেবে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী মেশিনারিকে এই কেন্দ্রে কাজে লাগাচ্ছেন। শীর্ষণ্য নিজেও হাইটেক প্রচারে নজর কাড়ছেন। অ্যাডভান্টেজ শীর্ষণ্য এবং বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী, বাম প্রার্থী মীনাক্ষী এই কেন্দ্রে চমক দেখাতে পারেন কিনা এখন সেটাই দেখার।

About Post Author