Home » ফের হাওয়া বদল, ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

ফের হাওয়া বদল, ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,১ জুলাই ঃ গত কয়েকদিন ধরেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। শনিবার হাওয়া বদলের কোনো সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টা গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। যদিও রাজ্যের তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি। পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৭ থেকে ৯৮ শতাংশ।

আরও পড়ুন    গ্রাহকদের জন্য বার্ষিক নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

পূর্বাভাস বলছে, শনিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে সারাদিন ধরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও গত সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। যার জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, হিমাচল প্রদেশে অতিরিক্ত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই সেখানে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ২ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে,মহারাষ্ট্রের ছয় জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারতেও আগামী দুই দিনে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

About Post Author