Home » ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা ‘ সন্তোষজনক নয় ‘ জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ঝুলে থাকল জয়ীদের ভাগ্য

ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা ‘ সন্তোষজনক নয় ‘ জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ঝুলে থাকল জয়ীদের ভাগ্য

সময় কলকাতা ডেস্ক,১২ জুলাই : পঞ্চায়েত নির্বাচনে  রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা  “খুব সন্তোষজনক নয় ” জানাল কলকাতা হাইকোর্ট। অনিয়মের অভিযোগ ওঠায় কৈফিয়ত চাওয়ার পরে প্রাপ্ত উত্তর সন্তোষজনক নয় বলেই মনে করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। টি শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের  ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছেন এখনই জয় চূড়ান্ত বলা যাবে না।নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে যাদের জয়ী ঘোষণা করেছেন  তাঁদের জয় চূড়ান্ত হবে  মামলার রায়ের পরে। পরবর্তী শুনানি আগামী ২০ জুলাই। ফলে পঞ্চায়েত নির্বাচনে জয়ীদের ভাগ্য আপাতত ঝুলে থাকছে।

বঙ্গে পঞ্চায়েত নির্বাচনে উঠেছে প্রচুর অনিয়মের অভিযোগ। আর এনিয়ে রাজ্য নির্বাচনের কাছে কৈফিয়ত তলব করে কলকাতা হাইকোর্ট। প্রাপ্ত  ব্যাখ্যা সন্তোষজনক নয়,  প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই মনে করছে কলকাতা হাই কোর্ট। পঞ্চায়েত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণের কথা জানিয়ে  কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে মামলাকারীদের সব তথ্য আদালতে জমা দিতে হবে। মামলার রায় না দেওয়া পর্যন্ত ব্যালট ও সিসিটিভি ফুটের সহ যাবতীয় তথ্য সংরক্ষণ করতে হবে ।

নির্বাচনের  ফলাফলের নিরিখে  রাজ্যে সবুজ ঝড় ও তৃণমূলের জয়জয়কার যেমন দেখা গিয়েছে, তেমনই ভোটের সময় গণ প্রাণহানি ঘটেছে। ভোটের দিনই অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে। এছাড়াও নির্বাচনের আগে এবং পরে রাজ্যে বেশ কিছু রাজনৈতিক হিংসার কারণে মৃত্যু ঘটেছে। এছাড়াও ভোটের সময় ছাপ্পা ভোট, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স ভাঙচুর সহ একাধিক অগণতান্ত্রিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনার রাজীব সিনহা অবশ্য বলেছেন, দশ জনের মৃত্যু হয়েছে ভোটের দিন। তিনি নিজের আগের অবস্থান থেকে সরে এসে,পক্ষান্তরে জানান, কেন্দ্রীয় বাহিনী থাকলে অনেক শান্তিপূর্ণ ভোট হতে পারত। রাজীব সিনহা যাই বলুন,সার্বিক হিংসা ও অনিয়মের অভিযোগ বর্তেছে রাজ্য নির্বাচন কমিশনের ওপরে। বিরোধীরা সরাসরি নির্বাচন কমিশনারকে  ভোটে অনিয়মও হিংসার জন্য কাঠগড়ায় তুলেছেন। নির্বাচন কমিশনের ভূমিকা সন্তোষজনক নয় জানিয়ে  এবার বিরোধীদের অভিযোগে কার্যত সীলমোহর দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।মাঝখানে ঝুলে থাকল পঞ্চায়েত ভোটে জয়ীদের ভাগ্য।।

About Post Author