সময় কলকাতা ডেস্ক,১৩ জুলাই : মিশ্র-সংবাদ বাগানে।মিশ্র-সংবাদ বলতে আকাশ মিশ্রকে বোঝানো হচ্ছে না। তবে মিশ্র-সংবাদ কেন ? দলবদলের বাজারে আকাশ মিশ্রকে টার্গেট করে না পেলেও বাগানে এসেছে অনেক সুসংবাদ, খারাপ খবরও রয়েছে। এবারের ভারতীয় ফুটবলের দলবদল পর্ব এক নতুন মাত্রা পেয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের প্রতিটি ক্লাব নিজেদের সাধ্যমত সেরা দল গঠন করছে। দলগঠনের ক্ষেত্রে কোচের ফুটবল কৌশল ও ক্লাবের অর্থনৈতিক দিকটি খেয়াল রাখা হচ্ছে। কোনও রকম ত্রুটি রাখছে না বিভিন্ন দলের রিক্রুটাররা। সেই দলে যেরকম রয়েছে গতবছরের ইন্ডিয়ান সুপার লিগ জয়ী মোহনবাগান, আবার রয়েছে হতাশাজনক পারফর্ম করা ইস্টবেঙ্গলও। মোহনবাগান অনেক সেরা ফুটবলার আনলেও তাদের প্রাপ্তিলাভের জন্য ঘরের ছেলেদেরও হাতছাড়া করতে হয়েছে।

চলতি বছরে দলবদলের বাজারে একের পর এক চমক দিচ্ছে মোহনবাগান। দেশীয় বিদেশী মিলিয়ে উচ্চ মানের ফুটবলারদের দলে নিয়েছে গঙ্গাপারের ক্লাব। দেশীয় ফুটবলারদের মধ্যে দলে নেওয়া হয়েছে যুব বিশ্বকাপার আনোয়ার আলি ও এই মুহূর্তে দেশের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে। এখানেই থেমে নেই মোহনবাগান শিবির। এবার কেরালা ব্লাস্টার্স থেকে আবদুল সামাদ সাহালকে দলে নিল মোহনবাগান। প্রায় ১.৫ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে নিচ্ছে সবুজ মেরুন। সামাদের সঙ্গে চুক্তি হচ্ছে তিন বছরের। প্রতিবছর মোহনবাগান থেকে তিনি পাবেন ২.৫ কোটি টাকা। তিন বছর তাঁর পারফরম্যান্স ভালো হলে আরও দুইবছর চুক্তি বাড়ানোর অপশন রয়েছে। গত কয়েক মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ ও জাতীয় দলের জার্সিতে নজর কেড়েছেন সাহাল। এই দলবদলের মরশুমে সাহালকে নিয়ে ক্লাব গুলির মধ্যে আগ্রহ দেখা যায়। শুধু ভারতীয় ক্লাবই নয় গুঞ্জন শোনা যায় সাহালকে পেতে আগ্রহ দেখায় সৌদির অনেক ক্লাব। যদিও সবাইকে পিছনে ফেলে জাতীয় দলের এই আক্রমণাত্মক মিডফিল্ডারকে দলে নিল সবুজ মেরুন ব্রিগেড। সাহালকে তাঁদের দল নেওয়ায় ইতিমধ্যে উচ্ছাসে ভাসছেন সবুজ মেরুন সমর্থকরা।
যদিও সবুজ মেরুন জনতার জন্য রয়েছে একটি খারাপ খবর। মোহনবাগানের ঘরের ছেলে বলে পরিচিত প্রীতম কোটাল ক্লাব ছাড়লেন। সাহালকে কেরালা থেকে দলে নিল মোহনবাগান, অপরদিকে কেরালার পথে পা বাড়ালেন প্রীতম। গত বছর মোহনবাগানের ইন্ডিয়ান সুপার লিগ জয়ী দলের অধিনায়ককে দলে নিয়ে রক্ষণকে গুছিয়ে নিল কেরালা। রেকর্ড টাকার বিনিময়ে প্রীতমকে দলে নিল কেরালা। বছরে ২ কোটি টাকার তিন বছরের চুক্তিতে বাঙালি ডিফেন্ডারকে দলে নিল দক্ষিণ ভারতের ক্লাবটি। এবার কেরালার রক্ষণে দেখা যাবে প্রীতম প্রবীর বঙ্গ জুটিকে। প্রীতম- প্রবীর কেরালায় আর বিদেশী নক্ষত্র বাগানে, এরকম মিশ্র-সংবাদ কতটা স্বাস্থ্যকর তা নিয়েই এখন কাটাছেঁড়ায় ব্যস্ত বাগান সমর্থকরা।।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই