Home » প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত অশ্বিন, গড়লেন একাধিক বিরল রেকর্ড

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত অশ্বিন, গড়লেন একাধিক বিরল রেকর্ড

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ জুলাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলে জায়গা মেলেনি। তানিয়ে ক্রিকেট মহলে আলোচনা কম হয়নি। তবে সুযোগ পেয়েই জবাব দিলেন। তিনি রবিচ্ন্দ্রণ অশ্বিন । ক্যারিবিয়ান মাটিতে প্রথম টেস্টে সুযোগ পেলেন অশ্বিন। তাঁর দৌলতেই চালকের আসনে ভারত। এখন এক নজরে দেখে নেওয়া যাক কি কি নজির গড়লেন ভারতের এই স্পিনার।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন অশ্বিন। অশ্বিনের ৭০০ তম শিকার আলজারি জোসেফ। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে এই বিরল কৃতিত্বের অধিকারী হলেন রবি। এর আগে অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের এই রেকর্ড রয়েছে। আর সার্বিকভাবে দেখতে গেলে ১৬ তম বোলার হিসেবে এই নজির গড়েছেন তিনি। যদিও ম্যাচের বিচারে বাকিদের টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। ৭০০ উইকেট ঝুলিতে পুরতে অশ্বিনকে খেলতে হয়েছে ৩৫১ টি ম্যাচ। এর থেকেও কম ম্যাচ খেলে এই কৃতিত্বের অধিকারী একজনই তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলিধরন। যিনি ৩০৮ ম্যাচ খেলে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়েন।

৭০০ টি আন্তর্জাতিক উইকেট নেওয়ার পাশাপাশি আরও কয়েকটি রেকর্ড গড়েছেন অশ্বিন। যার মধ্যে রয়েছে ভারত ওয়েস্টইন্ডিজ দু’পাক্ষিক টেস্ট সিরিজে সব থেকে বেশিবার ৫ উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। দ্বিতীয় স্থানে যুগ্মভাবে তিনি স্বদেশীয় হরভজন সিংয়ের সঙ্গে এক আসনে রইলেন। দুজনেই মোট ৫ বার ৫ উইকেট নিয়েছেন। এক্ষেত্রে ৬ বার ৫ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ম্যালকম মার্শাল।

ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি বার বোল্ড আউট করার নজিরও স্থাপন করলেন অশ্বিন। এতদিন বোল্ড আউট করার ক্ষেত্রে প্রথমে ছিলেন অনিল কুম্বলে। তাঁর ঝুলিতে ছিল ৯৪ বার বিপক্ষের ব্যাটারকে বোল্ড করার নজির। এবার কুম্বলেকে টপকে গেলেন অশ্বিন।

এছাড়াও একটি বিরল নজির গড়লেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাবা ও ছেলের উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন অশ্বিন। ক্যারিবিয়ান ব্যাটার শিব নারায়ণ চন্দ্রপলের উইকেট আগেই নিয়েছিলেন, এবার নিলেন তাঁর ছেলে তেজনারায়ণ চন্দ্রপলের উইকেট। বিশ্বে পঞ্চম বোলার হিসেবে এই নজির গড়লেন অশ্বিন।

আরও পড়ুন :জলের তলায় রাজধানী, যমুনা নদীর জল এল কেজরিওয়ালের দুয়ারে

About Post Author