সময় কলকাতা ডেস্ক,১৪ জুলাই: রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা রুখতে জেলায় জেলায় ৩ জন করে নোডাল অফিসার নিয়োগ করলেন বিএসএফের আইজি এস সি বুদোকোটি। এই নোডাল অফিসারদের প্রকৃত ভূমিকা কী হবে তা এখনও স্পষ্ট নয়। তাঁদের জেলা পুলিশ সুপারের সঙ্গে সমন্বয় করেই ফোর্স মোতায়েন করতে হবে। কারণ, পঞ্চায়েত ভোটের আদর্শ আচরণবিধি বুধবারই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে বিএসএফ-এর সঙ্গে বৈঠকের পর জেলাশাসকদের এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকালে নবান্নে একটি বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেই বৈঠকে ছিলেন আইজি বিএসএফ এসপি বুদাকোটি। সেই বৈঠকেই ঠিক হয় ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিরন্তর সমন্বয় রেখে চলবে।

ফলে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি এখন পুরোপুরি রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে রয়েছে। তাই সাংবিধানিক ব্যবস্থা ও শর্ত অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের কথা শুনে চলতেই বাধ্য। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে ২১ জুলাই পর্যন্ত বাংলায় ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। কিন্তু এই বাহিনী মোতায়েনের ব্যাপারে আর শুধু রাজ্য নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছে না দিল্লি। জেলায় জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগ করে দিলেন। বিএসএফ কর্তা এদিন জেলাওয়াড়ি নোডাল অফিসারদের যে তালিকা প্রকাশ করেছেন, তাতে কমান্ডান্টদের নাম ও মোবাইল নম্বর দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও হিংসার ঘটনা ঘটলে যাতে উপদ্রুত এলাকার মানুষ তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি
এদিন বিকেলে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার তথা বিএসএফের আইজি-র তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় ফোর্স রাজ্য পুলিশের মুখ চেয়ে থাকবে না। যেখানে অশান্তি ও হিংসার খবর পাবে সেখানেই বাহিনী যাবে। রাজ্য পুলিশের অনুমতির অপেক্ষা করবে না। সংবিধান অনুযায়ী আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। রাজ্য সরকার না চাইলে সাধারণ পরিস্থিতিতে কেন্দ্র তাতে হস্তক্ষেপ করতে পারে না। তা ছাড়া এখন নির্বাচনী আচরণবিধিও আর বলবৎ নেই। এদিন সেই যুক্তি দেখিয়ে রাজ্যের তরফে বিএসএফ কর্তাকে বলা হয়েছিল, যে অশান্তির কোনও খবর পেলে জেলা পুলিশকে না জানিয়ে বাহিনী সেখানে যেতে পারবে না। কিন্তু বিএসএফ কর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তার পর রাজ্য পুলিশের অনুমতির প্রয়োজন নেই। বিএসএফ-এর তরফ থেকে আলাদা করে সংবাদমাধ্যমের কাছে আবেদন করা হয়েছে, কোথাও কোনও অশান্তির খবর পেলে, ২২টা জেলায় যে নোডাল অফিসার মোতায়েন করা হয়েছে, তাঁদের যেন খবর দেওয়া হয়। খবর পেলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবেন তাঁরা।


More Stories
প্রয়াত হেমন্ত পুত্র ও মৌসুমীর স্বামী জয়ন্ত
ভারতের জিততে চাই ২২৬ রান
জন্মদিনে সোনার মেয়ে লাভলিনার সাফল্য