স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ জুলাই: জমজমাট ভারতীয় ফুটবলের দলবদলের বাজার। একদিকে বিশ্বকাপার, ইউরো কাপারকে এনে চমক দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। দলবদলের বাজারে মোহনবাগানকে এবার জোর টক্কর দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। দলগঠনের ক্ষেত্রে স্প্যানিশ ফুটবল দর্শনে এবার ভরসা রাখছে লাল হলুদ কর্তারা। ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের পরিবর্তে দলের হট সিটে এবার নতুন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। আইএসএল জয়ী ব্যাঙ্গালুরুর প্রক্তন কোচের সতীর্থ হিসেবেও নিয়োগ করা হয়েছে প্রাক্তন স্প্যানিশ ফুটবলার ডিমাস দেলগাডোকে।

কোচ কুয়াদ্রতর নেতৃত্বেই এবার চলছে ইস্টবেঙ্গলের দলগঠন। ইতিমধ্যে তিন স্প্যানিশ ফুটবলারকে সই করানো হয়েছে। তাঁরা হলেন সাউল ক্রেসপো, বোরহা হেরেরা, জেভিয়ের সিভেরিও। ঘটনাক্রমে তিনজনই স্প্যানিশ। এর পাশাপাশি রেখে দেওয়া হয়েছে গত মরশুমে দুরন্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভাকে। পঞ্চম বিদেশী হিসেবে দলে রয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস।

যদিও তাঁকে দলে রাখতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। কিন্তু এখনও এক বছরের চুক্তি রয়েছে ইভানের সঙ্গে। এখন ক্লাব যদি ইভানকে ছেড়ে দিতে চায় সেক্ষেত্রে তাঁকে দিতে হবে গোটা মরশুমের ক্ষতিপূরণ। সূত্রের খবর ইভানের সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটতে পারে ক্লাব। আর ইতিমধ্যেই ইভানের বদলির খোঁজ শুরু করেছে ক্লাব। জানা গিয়েছে, স্প্যানিশ লিগে খেলা ফুটবলারকে পছন্দ হয়েছে ক্লাবের। ফুটবলারটির নাম বোরহা গ্র্যানেরো। বোরহা ছাড়াও একজন এশীয় কোটার বিদেশীকে দলে নিতে পারবে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন এশিয়ান গেমসে ক্রিকেট দলে বাংলার দুই ও কেকেআরের রিঙ্কু

কে এই বোরহা গ্র্যানেরো? স্পেনের জনপ্রিয় ক্লাব ভ্যালেন্সিয়ার যুব দল থেকে উত্থান। ভ্যালেন্সিয়ার যুব দলের পাশাপাশি খেলেছেন রিক্রিয়েটিভো, রেসিং, দেপর্টিভো লা করুণার মত ক্লাবে। রক্ষণের পাশাপাশি রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবেও নজর কেড়েছেন ৩৩ বছরের এই ফুটবলার। স্প্যানিশ লিগে প্রায় আড়াইশো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। রেসিংয়ে থাকার সময় গোল আটকানোর পাশাপাশি অনেক গোলও করেছেন। এবার এরকম ইউটিলিটি ফুটবলারকে দলে পেতে আগ্রহী ক্লাব। প্রসঙ্গত, বোরহার বাবা স্পেনের ফুটবলের পরিচিত মুখ হোসে কার্লোস। স্পেনের অনেক নামী ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। গত বছর চিনের একটি ক্লাবে কোচিং করান হোসে। এখন ইভান কাঁটাকে সরিয়ে নতুন এই স্প্যানিশ ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল নিতে পারেকিনা এর উত্তর মিলতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে সমর্থকদের।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া