স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ জুলাই: ১৯ তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের ভারতীয় ক্রিকেট দলের নাম ঘোষিত। এই গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২২ সালে। কিন্তু চীনের হাং জু প্রদেশে গত বছর এই প্রতিযোগিতার আয়োজন করা যায়নি। কারণ কোভিড মহামারীর উদ্বেগ। প্রতিযোগিতাটি সাময়িক সময়ের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বছর সেই হাং জু প্রদেশেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমসের। আর অন্যান্য খেলার পাশাপাশি এবার এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট। ২০১০ সাল থেকে এশিয়ান গেমসের দলগত বিভাগে ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়। আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের জন্য সোনার পদক জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালে সেই আফগানিস্তানকে হারিয়ে সোনার পদক পায় শ্রীলঙ্কা। ২০১৮ এশিয়ান গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে, ২০২২ এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট। এবার এশিয়ান গেমসে ক্রিকেট হবে টি-২০ ফরম্যাটে।
আরও পড়ুন :১৭১ রান করে অভিষেক লগ্নে ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন যশস্বী

২০১০ সালে কূটনৈতিক কারণে চিনে দল পাঠায়নি ভারত। ২০১৪ সালেও ব্যস্ত সময়সূচির কথা জানিয়ে কোরিয়ায় দল পাঠায়নি ভারত। তবে ২০২২ এশিয়ান গেমস যা অনুষ্ঠিত হচ্ছে এবছর, সেখানে ভারত দল পাঠাচ্ছে। শুক্রবার রাতেই এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। সেই দল মূলত তৈরি হয়েছে দেশের যুব ক্রিকেটারদের নিয়ে। দল গঠনের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

এশিয়ান গেমসে দলকে নেতৃত্ব দিতে চলেছেন রুতুরাজ গায়কোয়াড। গত মরশুমে আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। এবার তারই পুরস্কার স্বরূপ এই গুরু দায়িত্ব তাঁর কাঁধে তুলে দিলেন নির্বাচকরা। এছাড়াও গত মরশুমে আইপিএলে দুরন্ত খেলা রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল, মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভর্মা, পঞ্জাব কিংসের জীতেশ শর্মারা দলে সুযোগ পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত ফর্মে থেকেও ক্যারাবিয়ান সফরে ডাক পাননি রিঙ্কু সিং। কিন্তু এশিয়ান গেমসের দলে তিনিও সুযোগ পেলেন।এছাড়াও, বাংলার জন্য বিরাট সুখবর। এই দলে স্থান পেয়েছেন বাংলার দুই ক্রিকেটার। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ ও পেস বোলার মুকেশ কুমারেরকেও রাখা হয়েছে ১৫ সদস্যের দলে। এক নজরে দেখে নেওয়া যাক কারা সুযোগ পেলেন সেই দলে?
১. রুতুরাজ গায়কোয়াড (অধিনায়ক)
২. যশস্বী জয়সওয়াল
৩. রাহুল ত্রিপাঠী
৪. তিলক ভর্মা
৫. রিঙ্কু সিং
৬. জীতেশ শর্মা (উইকেট রক্ষক)
৭. ওয়াশিংটন সুন্দর
৮. শাহবাজ আহমেদ
৯. রবি বিষ্ণই
১০. আবেশ খান
১১. অর্শদীপ সিং
১২. মুকেশ কুমার
১৩. শিবম মাভি
১৪. শিবম দুবে
১৫. প্রভসিমরন সিং (উইকেট রক্ষক)
এখন এই যুব ক্রিকেটাররা এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারে, সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে