Home » ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বৃষ্টি ধুয়ে দিল ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বৃষ্টি ধুয়ে দিল ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ২৪ জুলাই : অ্যাসেজ সিরিজের চতুর্থ দিন ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে শেষ দিনে একটিও বল খেলা হয় নি। ফলে ম্যানচেস্টারের  ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে প্রায় জেতা বাজি হাতছাড়া হল ইংল্যান্ড দলের । নষ্ট হল সমতায় ফেরার সুযোগও।শেষ দেড় দিনের বৃষ্টি ধুয়ে দিল ইংল্যান্ডের সাড়ে তিন দিনের কর্তৃত্ব ও মেহনতকে। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বৃষ্টি অভিশাপ হয়ে দেখা দিল ইংল্যান্ড দলের কাছে, আর আশীর্বাদ হয়ে উঠল অস্ট্রেলিয়ার কাছে। ফলশ্রুতি, সিরিজে অস্ট্রেলিয়া যথারীতি এগিয়ে থাকল ২-১ ফলে।

সামগ্রিক ফলে, ইংল্যান্ড  জয় না পেলেও ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ইংল্যান্ডের প্রাপ্তি বহুবিধ। জ্যাক ক্রলি ১৮২ বলে ১৮৯ রান করেন। তাঁকে ছাড়া ম্যান অব দ্যা ম্যাচ কাউকে ভাবার অবকাশ ছিল না ।ব্রডের ৬০০ উইকেট শিকার, জো রুট, হ্যারি ব্রুক ও বেয়ারস্টোর আক্রমণাত্মক ব্যাটিং,ওকসের  পাশাপাশি মার্ক উডের আগুন ঝরানো স্পেল – সবমিলিয়ে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড  চতুর্থ টেস্টের এগারোটি সেশন ধরে অস্ট্রেলিয়াকে  একটানা চাপে রেখেছে ইংল্যান্ড। জয় না এলেও  এই বিষয়টি জনতাকে সন্তুষ্ট করতেই পারে। ম্যাচের ফলাফল যাই হোক না কেন দর্শকদের মন জয় করেছে ইংল্যান্ডের পারফরমেন্স।

শেষ টেস্ট  ক্যানিংটন ওভালে। এখনও অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে থাকলেও প্রথম দুটি টেস্ট হেরে  ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের সিরিজে জেতার হুংকার  কেবল যে কথার কথা ছিল না, তা সময়ের সাথে সাথে স্পষ্ট হয়েছে। ম্যানচেস্টারে  প্রকৃতি  বিমুখ থাকায় মনস্কামনা  পূর্ণ করে উঠতে পারেনি ইংল্যান্ড। তবুও যে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে  ইংল্যান্ড খেলছে, ক্যানিংটন ওভাল টেস্টে  তারা সমতা ফেরাতে উন্মুখ থাকবে। বাকি কথা বলবে সময়, তবুও অত্যন্ত রুদ্ধশ্বাস একটি অ্যাসেজ সিরিজের পরিসমাপ্তি ঘটতে চলেছে বলাই বাহুল্য ।।

আরও পড়ুন : মধ্যরাতে শহরে লালহলুদের হ্যামলিনের বাঁশিওয়ালা

About Post Author