Home » ক্যারিবিয়ান ক্রিকেটে দুঃসময়ের আশা সাই হোপ

ক্যারিবিয়ান ক্রিকেটে দুঃসময়ের আশা সাই হোপ

সময় কলকাতা ডেস্ক, ২৮ জুলাই : হোপ মানে আশা, আর দুঃসময়ের আশা সাই হোপ।বার্বাডোজের ব্রিজটাউনে ভারত ওয়েস্ট ইন্ডিজের প্রথম একদিবসীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ সম্পূর্ণ ব্যর্থ হলেও একা কুম্ভ হয়ে লড়ে যান সাই হোপ। সাম্প্রতিক সময়ে বার্বাডোজের ভূমিপুত্র সাই হোপ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনে একমাত্র আশার আলো হিসেবে দেখা দিয়েছেন। ভারতের বিরুদ্ধে প্রথম একদিবসীয় ম্যাচে হোপ করেন ৪৫ বলে ৪৩ রান।ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটাররা যখন বর্তমান ক্রিকেটারদের নিয়ে হতাশ, তখন সাই হোপ কিছুটা হলেও আশা দেখাচ্ছেন। তবে সেটা শুধুমাত্র একদিনের ক্রিকেটে। তিনি টেস্ট বা টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও সেভাবে সফল নন। আরো হয়তো তাই নিকোলাস পুরাণের পরবর্তী সময়ে তাকে  ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। নিকোলাস পুরাণের মতই তিনি  উইকেটরক্ষকের কাজও করতে পারেন।কে এই সাই হোপ? কেন তিনি ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে চর্চায়?

সাই দিয়েগো হোপ ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগে মাত্র ১৪ টি ঘরোয়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন।২০১২-১৩ সাল থেকে তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেট শুরু। ঘরোয়া ক্রিকেটের চোখ ধাঁধানো ব্যাটিং করে দু বছরের মধ্যেই তরুণ হোপ নির্বাচকদের চোখে পড়ে যান।কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তো বটেই শুরুর দিকে তার সঙ্গী ছিল ধারাবাহিক ব্যর্থতা। প্রথম দশটি টেস্টে তাঁর ব্যাটিং গড় ছিল মাত্র ১৬। ধীরে ধীরে টেস্ট ব্যাটিং গড়ের উন্নতি ঘটিয়েও তিনি টেস্টে হয়ে ওঠেন নি ধারাবাহিক । ডানহাতি এই ব্যাটসম্যান আক্রমণাত্মক হলেও কুড়ি ওভারের ম্যাচেও খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি।কিন্তু একদিবসীয় ম্যাচে তাঁর সাফল্য অবশ্যই চর্চার যোগ্য।

 

১১৬ টি একদিনের ম্যাচ খেলে গড় পঞ্চাশ ছুঁইছুঁই যার তাঁকে নিয়ে ভাবতে হয় বৈকি! ৪৮৭২ রান করেছেন,৭৬ এর ওপরে স্ট্রাইক রেট। সবচেয়ে বড় কথা, ইতিমধ্যেই ১৫ টি ১৭ রান করে বসে আছেন একদিনের ক্রিকেটে। পাশাপাশি একদিনের ম্যাচে ২৩ টি অর্ধশতরান। সার্বিকভাবে পরিসংখ্যানের দিকে চোখ রাখলে পরিষ্কার হয়ে যাবে সাই হোপ এই মুহূর্তে বিশ্বে একদিবসীয় ম্যাচে সফল তারকাদের মধ্যে অন্যতম। তিনি যে গতিতে এগোচ্ছেন তা থেকে একটি জিনিস পরিষ্কার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তিনি একদিবসীয় ক্রিকেটে সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে জায়গা করে নেবেন। তবে তিনি অত্যন্ত আন্ডাররেটেড প্লেয়ার। অথচ তিনি অনায়াস ভঙ্গিতে বড় রান করার ক্ষমতা রাখেন। একদিনের ক্রিকেটে  তাঁর করা ১৭০ রান তার ব্যাটিং দক্ষতা ও ক্ষমতার পরিচয় রেখেছে।২৯ বছর বয়সী সাই হোপ এই মুহূর্তে দুঃসময়ের মধ্যে চলা  ক্যারিবিয়ন ক্রিকেটে  বাস্তবিকভাবেই হোপ – আশা তাঁকে ঘিরেই।

About Post Author