সময় কলকাতা ডেস্ক, ৩০ জুলাই : টানটান উত্তেজনার মাঝে বিদায়ের বাঁশি বেজে উঠল। সাদা হেড ব্যান্ড মাথায় দীর্ঘদেহী পেসারকে আর বল হাতে ছুটে আসতে দেখা যাবে না। এক দীর্ঘ পথ চলার অবসান হতে চলেছে। অ্যাসেজ সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনের শেষে জো রুট ও বেয়ারস্টোর ব্যাটিং পরাক্রমে যখন ইংল্যান্ড অনেকটাই স্বস্তিতে। দিনের শেষে ৩৭৭ রানে এগিয়ে থেকে দুই প্রবীণ টেলএন্ডার অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড অপরাজিত থেকে সাজঘরে ফিরেছেন।সবাই যখন টেস্টের ও অ্যাসেজ সিরিজের ফলাফল নিয়ে ভাবছেন তখন স্টুয়ার্ট ব্রড ঘোষণা করলেন তাঁর অবসরের সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা পেস বোলার স্টুয়ার্ট ব্রডকে আর খেলোয়াড় হিসেবে মাঠে নামতে দেখা যাবে না।সবধরণের ক্রিকেট থেকেই অবসর নিলেন স্টুয়ার্ট ব্রড।
তৃতীয় দিনের শেষে সবাইকে খানিকটা বিস্মিত করেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন স্টুয়ার্ট ব্রড। তিনি জানিয়েছেন, ” আগামীকাল অথবা সোমবার হতে চলেছে আমার ক্রিকেট জীবনের শেষদিন “। দারুণ একটা সফর কাটল, ইংল্যান্ডের হয়ে এবং নটিংহ্যামশায়েরের হয়েও দারুণ কেটেছে, জানিয়েছেন তিনি।৩৭ বছর বয়সী স্টুয়ার্ট ব্রড ১৬৭টি টেস্ট খেলে ৬০২ টি উইকেট পেয়ে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। এখনও একটি ইনিংসে বল করা বাকি তাঁর। তিনি বিশ্বের পঞ্চম বোলার যিনি টেস্ট ক্রিকেটে ৬০০ টি উইকেট দখল করেছেন। তাঁর সতীর্থ জেমস অ্যান্ডারসন একমাত্র পেস বোলার যিনি টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট পেয়েছেন। মুরলীথরণ, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে – বাকি তিনজনই স্পিনার যারা ৬০০ ক্লাবের সদস্য।
বাবা ক্রিস ব্রড ইংল্যান্ডের হয়ে ৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২৫ টি টেস্ট খেলে ৬ টি শতরান করেছিলেন ক্রিস ব্রড। ক্রিস ব্রড ১৯৮৯ সালে শেষ টেস্ট খেলেন, তার ১৮ বছর পরে ২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় স্টুয়ার্ট ব্রডের।বাবার মত দক্ষ ব্যাটার না হলেও টেস্টে একটি শতরান রয়েছে স্টুয়ার্ট ব্রডের।তবে বোলার হিসেবে বিশ্বজোড়া খ্যাতি নিয়েই ক্রিকেট মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন তিনি।টেস্টে ৬০০ উইকেটের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটে ২৪৩ টি উইকেট পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে।২০১৫ সালে নটিংহ্যামে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কে ইনিংস ও ৭৮ রানে হারায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ৬০ রানে অলআউট করার ক্ষেত্রে স্টুয়ার্ট ব্রড বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। ১৫ রানে সেদিন ৮ উইকেট পেয়েছিলেন তিনি,যা টেস্ট ক্রিকেটে সর্বকালের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে