Home » প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় কুয়াদ্রাতের ইস্টবেঙ্গলের

প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় কুয়াদ্রাতের ইস্টবেঙ্গলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জুলাই: একদিকে কলকাতা লিগে খেলছে রিজার্ভ ও জুনিয়র দল। এবার প্রস্তুতি ম্যাচে নামলো ইস্টবেঙ্গলের বড়রা। রবিবার নিউটাউনের মাঠে প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ান নেভির বিপক্ষে মাঠে নামে ইস্টবেঙ্গলের ব্রিগেড। প্রথমবারের জন্য সাইডলাইনে দেখা গেল ইস্টবেঙ্গল দলের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাতকে। ডুরান্ড কাপের আগে দলের ফুটবলারদের ফিটনেস যাচাই করতে এই ম্যাচের আয়োজন করা হয়। কুয়াদ্রতের নেতৃত্বে নতুন দল কিরকম খেলে জানার জন্য উৎসাহিত ছিলেন লাল হলুদ জনতা।

আরও পড়ুন   প্রস্তুতি ম্যাচে ডর্টমুন্ডের কাছে হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

প্রথম ম্যাচে সমর্থকদের নিরাশ করেনি দল। ইন্ডিয়ান নেভিকে ২-১ গোলে হারাল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের মাত্র ১২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোলের খাতা খোলেন লালচুংনুঙ্গা। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ফের গোলের ব্যবধান বাড়ান ইস্টবেঙ্গলের নতুন উইংব্যাক মন্দার রাও দেশাই। নতুন কোচের তত্ত্বাবধানে এদিন ভালো ফুটবল খেলে লাল হলুদ ব্রিগেড। যদিও একটি গোল হজম করতে হয়েছে এদিন।কয়েক সপ্তাহ আগেই নতুন কোচের নেতৃত্বে অনুশীলন শুরু করেছে দল। লক্ষ্য ভারতীয় ফুটবলে নিজেদের গৌরব পুনরুদ্ধার করা।

গত মরশুমের কয়েকজনকে রেখে গোটা দলটিকে পরিবর্তন করা হয়েছে। যদিও প্রথম দলের একাধিক ফুটবলার ছুটি কাটিয়ে এখনও দলের সঙ্গে যোগ দেননি। অনেকে কিছুদিন আগে এসে পৌঁছেছেন, যাঁরা এখনও সম্পূর্ণভাবে ম্যাচ ফিট নয়। এরকমই একটি দল নিয়ে এদিন মাঠে নামেন ইস্টবেঙ্গলের নতুন কোচ। যদিও কোচ আশাবাদী ডুরান্ডের আগে দলকে আরও গুছিয়ে নেওয়ার ব্যাপারে আগামী ৩ অগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড। সূচি অনুযায়ী ৬ তারিখ মাঠে নামছে লাল হলুদ। যুবভারতীতে তাঁদের প্রতিপক্ষ বাংলাদেশ সেনা।

About Post Author