স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জুলাই: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যর্থ। দ্বিতীয়বারের জন্য ফাইনালে উঠেও কাঙ্ক্ষিত ট্রফি জয়ের স্বাদ পায়নি দল। ইংল্যান্ড সফর শেষ করে ক্যারিবিয়ান সফরে গিয়েছেন বিরাট-রোহিতরা। লক্ষ্য বিশ্বকাপের আগে প্রস্তুতি। সেখানে টেস্ট সিরিজ জিতেছে ভারত। একদিনের সিরিজে প্রথম ম্যাচ সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়েছে। দুর্বল ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে হারটিকে ভালো চোখে নেননি ক্রিকেট মহল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে দলকে। এই সমালোচনা যদি সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ থাকত তাহলে কথা ছিল। কিন্তু সমর্থকদের পাশাপাশি দলকে নিয়ে সমালোচনা শুরু করছেন দলের প্রাক্তনরা। প্রসাদ-কপিলের থেকে শুরু করে ওয়াসিম জাফর নতুন প্রজন্মের ভারতীয় ক্রিকেট দলকে দেখে শঙ্কিত সকলে।

রবিবার ট্যুইটারে নিজের আক্ষেপের কথা প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেটকে ব্যতি রাখলে, ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে অত্যন্ত সাধারণ মানের প্রদর্শন করছে ভারতীয় টিম। বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের মুখ দেখতে হয়েছে দলকে। আইসিসির শেষ ২ টি টি-টোয়েন্টি বিশ্বকাপেও শোচনীয় ফল ভারতের। আমরা না তো ইংল্যান্ডের মতো আকর্ষণীয় ক্রিকেট খেলছি, না পুরনো অস্ট্রেলিয়ার মতো বিধ্বংসী ক্রিকেট খেলতে পারছি।’

প্রসাদের বাক্য তির এখানেই থেমে থাকেনি। এরপর তিনি সংযোজন করেন, ‘আমাদের টাকা, ক্ষমতা, প্রতিপত্তি রয়েছে ঠিকই, কিন্তু আমরা তারপরও সাধারণ মানের ক্রিকেটেই মেতে রয়েছি। আমরা কিন্তু একেবারেই চ্যাম্পিয়নের মতো খেলছি না।’ এর পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়েও আক্ষেপ শোনা গিয়েছে প্রসাদের গলায়। তিনি বলেছেন, ‘প্রত্যেক দলই জিততে চায়, ভারতও এর ব্যতিক্রম নয়। কিন্তু বিগত কয়েক বছরে দলের ক্রিকেটারদের খেলার প্রতি দৃষ্টিভঙ্গি ও মনোভাব সঠিক নয়। যা দুর্বল পারফরম্যান্সের অন্যতম কারণ।’
আরও পড়ুন প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় কুয়াদ্রতের ইস্টবেঙ্গলের

শুধু প্রসাদ একাই নন। নতুন প্রজন্মের তারকা ক্রিকেটারদের এক হাত নিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ। স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত কপিলের অভিযোগ, ‘অত্যধিক অর্থ কখনও কখনও অহংকারের কারণ হয়। এই ক্রিকেটাররা মনে করেন তাঁরা সব জানেন। তাঁদের দম্ভ এতটাই বেশি যে, সুনীল গাভাস্কার থাকতেও তাঁরা তাঁর উপদেশ নেন না। কারণ, তাঁরা মনে করেন তাঁরা যথেষ্ট ভালো।’


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে