Home » এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ভারত, চিনকে হারাল ৭-২ গোলে

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ভারত, চিনকে হারাল ৭-২ গোলে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ অগস্ট: দুরন্ত জয় দিয়ে ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করল ভারতীয় পুরুষ হকি দল । বৃহস্পতিবার চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন বারের চ্যাম্পিয়ন ভারত ৭-২ গোলে হারাল চিনকে।

প্রথম কোয়ার্টারেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ক্রেগ ফুলটনের দল। নীল জার্সি বাহিনীদের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ।এর আগের বেশ কিছু টুর্নামেন্টে পেনাল্টি কর্নার কাজে লাগাতে না পারার মাশুল দিতে হয়েছে ভারতকে। তবে এবার প্রস্তুত হয়ে এসেছে ভারত।প্রথম কোয়ার্টারে পরপর দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। প্রথম কোয়ার্টারের শেষ দিকে তৃতীয় গোলটি পেয়ে যায় ভারত। ম্যাচে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন সুখজিৎ সিংহ।এদিন প্রথম কোয়ার্টারে অনেকগুলি গোলে সুযোগ পেয়েছিল ভারত। সুযোগগুলি কাজে লাগাতে পারলে ৫ গোলেও এগিয়ে যেতে পারত ভারত।

দ্বিতীয় কোয়ার্টারের শুরু দিকে আকাশদীপ সিংহ ৪-০ করেন। তবে এই সময় ভারতীয় রক্ষণের ভুলের সুযোগ নিয়ে একটি গোলের ব্যবধান কমায় চিন। গোল করেন ওয়েনহুই। যদিও লাভ হয়নি। ফের গোল করে ভারত এগিয়ে যায় ৫-১ ব্যবধানে। পেনাল্টি কর্নার থেকে এবার গোল করেন বরুণ কুমার। ফের ভারতীয় রক্ষণের ভুলে ব্যবধান কমায় চিন। গোল করেন জিয়েসেং গাও। তবে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন বরুণ কুমার। ম্যাচের ফল দাঁড়ায় ৬-২। তৃতীয় কোয়ার্টারেও ম্যাচের রাশ ভারতীয় শিবিরের দখলে।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ফল ৭-২ করেন মনদীপ সিংহ।

এই ম্যাচের আগে পর্যন্ত হকি কোর্টে মোট ৭ বার চিনের মুখোমুখি হয়েছে ভারত। এর মধ্যে ৬ বার জিতেছিল ভারত। এদিন জেতার ফলে এই দুই দেশের মধ্যে হকি কোর্টের আধিপত্য ধরে রাখল ভারত।।

আরও পড়ুন : ব্রায়ান লারা স্টেডিয়ামে ৪ রানে হারল ভারত

About Post Author