সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় হস্টেলের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে ব়্যাগিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আগেই। রবিবার গ্রেফতার করা হয়েছে মনোতোষ এবং দীপশেখর নামের আরও দুই ছাত্রকে। এবার সেই দীপশেখর দত্তর আইনজীবীও ধৃত সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ তুললেন! তাঁর দাবি, সৌরভ দীপশেখরকেও র্যাগিং করেছে। দীপশেখর নিজেও ব়্যাগিং-এর শিকার। জানা গিয়েছে, বাঁকুড়ার বাসিন্দা দীপশেখর দত্ত, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং হুগলির বাসিন্দা মনোতোষ ঘোষ, সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ সূত্রের খবর, ধৃত সৌরভকে জেরা করেই মনোতোষ ও দীপশেখরের নাম উঠে এসেছে। এই মনোতোষের ঘরেই ‘গেস্ট’ হিসেবে মৃত ওই পড়ুয়াকে রাখার ব্যবস্থা করা হয়েছিল বলেও এফআইআরে জানিয়েছিলেন মৃত পড়ুয়ার বাবা রমাপ্রসাদ কুণ্ডু। রবিবারই মনোতোষ ও দীপশেখরকে আদালতে তোলা হলে দুই ছাত্রের তরফেই আদালতকে বলা হয়, তাঁদের নামে কোন এফআইআরে নেই। তাহলে কীভাবে তাঁদেরকে হত্যার মামলায় গ্রেফতার করা হচ্ছে? এই ঘটনায় অনেকেই জড়িত। অনেকের বয়ানেই ব়্যাগিংয়ের কথা জানা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে এমন অত্যাচার চলে আসছে দীর্ঘদিন ধরেই। এরপরেই সৌরভের মতো ধৃত দুই ছাত্র দীপশেখর এবং মনোতোষকে ২২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রমৃত্যুর তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। কে বা কারা তাঁর মৃত্যুতে দায়ী, তা খুঁজে বের করতে গিয়ে একের পর এক ব্যক্তির জড়িয়ে পড়ার প্রমাণ আসছে তদন্তকারীদের হাতে। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্তের স্বার্থে উঠে এসেছে এক ডায়েরি। সেখানে যাদবপুরের ডিন অফ স্টুডেন্টকে লেখা এক চিঠিতে ‘রুদ্রদা’ নামে এক সিনিয়রের কথা উল্লেখ করেছিলেন। কিন্তু কে এই রুদ্রদা? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? চিঠিতে সেসব বিস্তারিত লিখেছেন বাংলা প্রথম বর্ষের নিহত ছাত্র। যদিও ইতিমধ্যেই সেই চিঠি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কেননা ওই চিঠির তারিখে গোলমাল রয়েছে বলেই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, গত ৩ জুন ‘রুদ্রদা’ নামে একজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদীপ। ‘রুদ্রদা’ বিরুদ্ধে তাঁর অভিযোগ, ওই ‘দাদা’ই বলেছিল যে হস্টেলে সিনিয়রদের কথা শুনতেই হবে। নইলে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। ‘রুদ্রদা’ নেশাগ্রস্ত, ধূমপান করে বলেও চিঠি লেখা হয়েছে। এসব শুনে আতঙ্কিত হয়ে পড়ে নিহত পড়ুয়া।

ডিনকে সেই ভয়ের কথাও জানান। ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানান। তবে এই চিঠি আদেও নিহত পড়ুয়া স্বপ্নদীপেরর কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তদন্তকারীদের। ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠেছে চিঠি ঘিরে। ওই চিঠিতে তারিখ রয়েছে ১০ আগস্ট। কিন্তু ৯ আগস্ট রাতেই হস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন প্রথম বর্ষের ওই পড়ুয়া। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার হাসপাতালেই মারা যান তিনি। তা হলে চিঠি কবে লেখা হল, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। চিঠিটি যেহেতু ডিনের উদ্দেশে লেখা, তা হলে সেটি ডায়েরির পাতায় কেন লেখা হল? কেন সাদা এ৪ কাগজে লেখা হল না? ইতিমধ্যেই এসব প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, হস্টেল থেকে ডায়েরি উদ্ধার হওয়ার পর শনিবার মৃত পড়ুয়ার মামাবাড়ি নদিয়ার রানাঘাটে গিয়েছিল যাদবপুর থানা এবং কলকাতা পুলিশের চার সদস্যের একটি দল।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!