সময় কলকাতা ডেস্ক, ১৬ আগস্ট :অনেকের মতেই বল নয়, তোপ দাগতেন তিনি। গতির বিচারে সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলারদের তালিকায় যাদের নাম থাকবে তাদের মধ্যে সামনের সারিতে থাকবে অস্ট্রেলিয়ার জেফ থমসনের নাম। সহ খেলোয়াড়দের কাছে থম্মো নামেই তিনি পরিচিত ছিলেন।তিনি ও ডেনিস লিলি সত্তর দশকের গোড়া থেকে আশির দশকের মাঝামাঝি পর্যন্ত বিশ্বের ঘাতক ফাস্ট বোলার জুটি। লিলি অবশ্যই তাঁর বোলিং দক্ষতায় অসামান্য ছিলেন কিন্তু গতির কারণে ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন থমসন। থমসন তাঁর বিপক্ষের ব্যাটসম্যানদের হাড় হিম করে দিতে পারতেন একটানা জোরে বোলিং করে। বলা হয় তিনি একনাগাড়ে ১৫০ কিলোমিটার বা তারচেয়েও জোরে বল করতে পারতেন। তাঁর সময় ওয়েস্টইন্ডিজ দলের হয়ে খেলতেন প্রচন্ড দ্ৰুতগতির বোলাররা। এঁদের মধ্যে অন্যতম ছিলেন অ্যান্ডি রবার্টস। ১৯৭৫ সালে ওয়াকায় ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ১৬০.৪৫ কিলোমিটার স্পিডে বল করে তোলপাড় করে দেন থম্পসন। এটি ক্রিকেট ইতিহাসের চতুর্থ দ্রুততম বল। শোয়েব আখতার, শন টেট ও ব্রেট লি তার এই বলের চেয়ে দ্রুত বল করার রেকর্ড গড়লেও তাঁরা সবাই আধুনিক সময়ের ক্রিকেটার।মনে রাখতে হবে থমসন, হোল্ডিং বা রবার্টসদের জমানায় প্রযুক্তি এত উন্নত ছিল না, সর্বত্র বলের গতি মাপার পরিকাঠামো ছিল না।উল্লেখ্য, রবার্টস সেই টেস্টে সর্বোচ্চ ১৫০.৬৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন।

থমসনের টেস্ট অভিষেক ১৯৭২ সালে পাকিস্তানের বিরুদ্ধে যখন শোয়েব আখতারের জন্ম হয় নি। প্রথম সিরিজে গতিনির্ভর পেস বোলিং করে তিনি বিপক্ষের সমীহ আদায় করে নিয়েছিলেন।১৯৮৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১ তম টেস্টটি খেলে ২০০ টি উইকেট দখল করার পরে আর টেস্ট খেলেন নি তিনি। ৫০ টি একদিনের খেলে ৫৫ টি উইকেট পেয়েছিলেন থমসন।স্রেফ বোলার ছিলেন তিনি। না টেস্টে, না একদিনের ম্যাচে একটি অর্ধশত রান করতে পারেন নি ফাস্ট বোলার। তা দিয়ে কী হবে তাঁর গতিমিশ্রিত ঘাতক ডেলিভারির জন্য তাকে মনে রাখতে বাধ্য ক্রিকেট বিশ্ব।

থমসনের বোলিং অ্যাকশন ছিল স্বতন্ত্র। তিনি নিজে মনে করতেন, স্বতন্ত্র বোলিং অ্যাকশনে গতিতে বল করা ছিল তাঁর সাফল্য ও ভীতি সঞ্চারের অন্যতম প্রধান অস্ত্র। তিনি বুমরার সাফল্যে খুশি হয়ে জানিয়েছিলেন, “এই ছেলেটি অনেকটা আমার মত বল করে। ” মুখে থম্মো যাই বলুন না কেন, তিনি আজও যেন তিনি বিস্ময়। ভীতি ও আতঙ্কের মিথে গড়ে ওঠা জেফ থমসন ক্রিকেটপ্রেমীদের কাছে এক জীবন্ত কিংবদন্তী। ১৬ আগস্ট ৭৩ পূর্ণ করলেন তিনি।।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক