সময় কলকাতা ডেস্ক, ১৮ আগস্ট : বৃষ্টি বাদ সাধায় ম্যাচ ডি এল এস মেথড দিয়ে জয় পরাজয় হল ভারত ও আয়ারল্যান্ড টি টোয়েন্টি ম্যাচের। মাত্র ২ রানের ব্যবধানে জয়ী হল ভারত। ডাবলিনে অনুষ্ঠিত ম্যাচে এদিন আয়ারল্যান্ডকে হারাতে কিছুটা হলেও বেগ পেতে হয়েছে।অথচ আয়ারল্যান্ডকে হারাতে যে বেগ পেতে হবে তা খেলার প্রথমদিকে টের পাওয়া যায় নি। নির্ধারিত কুড়ি আয়ারল্যান্ডের ৭ উইকেটে ১৩৯ রানের জবাবে ভারত ৬.৫ ওভারে করে দু উইকেটে ৪৭ রান। চোট কাটিয়ে যশপ্রীত বুমরা অনেকদিন পরে ক্রিকেটে ফিরলেন এবং অধিনায়ক হিসেবে যথাযথ দায়িত্ব পালন করলেন চার ওভারে চব্বিশ রান দিয়ে দুটি উইকেট তুলে। তিনি ম্যাচের গোড়াতে আয়ারল্যান্ডকে ধাক্কা দেন যা সামলে উঠতে বেশ কিছুটা সময় লাগে তাদের।
এই ম্যাচে অনেককেই পরখ করে নেওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটালেন রিঙ্কু সিং যদিও ব্যাটিং করার সুযোগ পান নি। একই অবস্থা শিবম দুবের। দীর্ঘদিন পরে ভারতীয় দলে ফিরে তিনি এক ওভার হাত ঘুরিয়েছেন।
টসে জিতে যশপ্রীত বুমরা আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠান। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না তা তিনি তাঁর প্রত্যাবর্তনের দ্বিতীয় বলে উইকেট পেয়ে বুঝিয়ে দেন । ১০.২ ওভারে আয়ারল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতনের সময় স্কোরবোর্ডে রান ছিল ৫৯।এরপরে কার্টিস ক্যাম্পারের ৩৩ বলে ৩৯ এবং সমসংখ্যক বলে ব্যারি ম্যাকার্থির ৫১ রানের সুবাদে আয়ারল্যান্ডের স্কোর ভদ্রস্থ জায়গায় পৌঁছে যায়। ভারতীয় ওপেনারজুড়ি যশস্বী ও ঋতুরাজের জুটিতে ৪৬ রান ওঠার পরে আউট হন যশস্বী। ক্যারিবিয়ান সফরে সফল তিলক ভার্মা প্রথম বলেই ফেরার পরে বৃষ্টি নামতেই ভারতের পক্ষ অঙ্ক কিছুটা জটিল দেখাতে শুরু করে। তবুও অল্পের জন্য মানরক্ষা হয় ।যশপ্রীত বুমরাকে সঙ্গত কারণেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।।
আরও পড়ুন :বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রজ্ঞানন্দ


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই