Home » ইতিহাসের দোরগোড়া থেকে ফিরলেন প্রজ্ঞা

ইতিহাসের দোরগোড়া থেকে ফিরলেন প্রজ্ঞা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ অগস্ট: শেষ রক্ষা হল না। দাবা বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় স্থানে থেকেই শেষ করতে হল ভারতের দাবাড়ু আর প্রজ্ঞানন্দকে। বর্তমানে বিশ্বের একনম্বর দাবাড়ু ম্যাগানাস কার্লসেনের কাছে স্বপ্নভঙ্গ হল প্রজ্ঞার। পরপর দুটি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হওয়ায়, ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানেই অভিজ্ঞতার স্নায়ুযুদ্ধের কাছে হেরে যাওয়ায় ইতিহাসের দোরগোড়া থেকে ফিরলেন ১৮ বছরের প্রজ্ঞা।

আরও পড়ুন    প্রজ্ঞানের পর ইতিহাসের দোরগোড়ায় প্রজ্ঞানন্দ

দাবা বিশ্বকাপের ফাইনালে মঙ্গলবার ও বুধবার দুটি ক্লাসিক্যাল রাউন্ডে ম্যাচের ফলাফল ছিল অমীমাংসিত। প্রথম রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে ও দ্বিতীয় রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে নরওয়ের প্রতিদ্বন্দ্বীকে জোর টক্কর দেন প্রজ্ঞা। এমনকি দ্বিতীয় রাউন্ডে তাঁর সামনে বেশ ম্লান লেগেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে। তবে টাইব্রেকারের প্রথম র‌্যাপিড রাউন্ডে দুরন্ত প্রত্যাবর্তন করেন নরওয়ের এই দুঁদে দাবাড়ু। নির্ণায়ক খেলার প্রথম থেকেই মেপে চাল দিচ্ছিলেন দুই প্রতিযোগী। রাজাকে সুরক্ষার বলয়ে ঢেকে রেখে প্রতি আক্রমণ করছিলেন কার্লসেন ও প্রজ্ঞানন্দ। প্রথম র‌্যাপিড রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন নরওয়ের প্রতিযোগী। ফলে প্রথম চালের সুবিধে পান তিনি।

র‌্যাপিড রাউন্ড হওয়ায় সময়ের চাপও ছিল দুই প্রতিযোগীর মধ্যে। যদিও সেই চাপ প্রথম দিকে সামাল দেন দুজনেই। কাঁটায় কাঁটায় একে অপরের চালের মোকাবিলা করছিলেন বিশ্বচ্যাম্পিয়নের দুই দাবিদার। কার্লসেন এই সময়েই প্রমাণ করলেন কেন তিনি পাঁচবারের বিশ্বসেরা। তাঁর একটি চালকে বুঝতে প্রায় ৬ মিনিট নিলেন ভারতের প্রজ্ঞা। র‌্যাপিড রাউন্ডে এই ৬ মিনিটের ব্যবধান অনেকটা। এই সুযোগে ম্যাচের ভাগ্য নিজের পক্ষে করেন নরওয়ের দাবাড়ু। এই সময়ে ভারতীয় দাবাড়ুকে দেখে বোঝা যাচ্ছিল বেশ চাপে রয়েছেন তিনি। এরফলে কাজটা আরও সোজা হয়ে যায় কর্লসেনের জন্য। ২২ চালে ২.৫-১.৫ পয়েন্টের ব্যবধানে কিস্তিমাত করেন তিনি।

আরও পড়ুন   ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (WWE) তারকা ব্রে ওয়াট প্রয়াত

দাবা বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নজির গড়েন দাবার বিস্ময় বালক প্রজ্ঞানন্দ। কারণ, বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। প্রতিযোগিতায় নিজের থেকে ক্রম তালিকার প্রথম সারিতে থাকা দাবাড়ুদের অনায়াসে হারিয়েছেন। ফলে ফাইনালে তাঁর থেকে অপ্রত্যাশিত কিছু দেখার আশায় ছিল দেশবাসী। দাবাপ্রেমীরাও আশা করেছিলেন নতুন বিশ্বচ্যাম্পিয়নকে দেখার। যদিও তাঁদের সেই আশা পূরণ হল না। তবে একরাশ সম্ভাবনাকে জাগিয়ে রেখেই আজারবাইজান সফর শেষ করলেন তামিলনাড়ুর এই খুদে দাবাড়ু।

About Post Author