Home » ভারতে খেলতে আসছেন নেইমার! কবে? কাদের বিরুদ্ধে?

ভারতে খেলতে আসছেন নেইমার! কবে? কাদের বিরুদ্ধে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ অগস্ট: ভারতের মাটিতে, এবার ভারতে খেলতে আসছেন  নেইমার। বৃহস্পতিবার এএফসি কাপের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ক্রীড়াসূচি প্রকাশিত হল। গ্রুপ ডি-তে স্থান পেয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব মুম্বই সিটি এফসি। ওই গ্রুপে রয়েছে ইরানের নাসাজি মাজন্দারান এফসি, উজবেকিস্তানের ক্লাব নববাহর ও সৌদি আরবের ক্লাব আল হিলাল এসএফসি। ফুটবল মহলের নজর থাকবে আল হিলাল ক্লাবের দিকে। কারণ এই দলে রয়েছে একাধিক তরকা ফুটবলার। সব থেকে বড় তারকার নাম অবশ্যই নেইমার দ্যা জুনিয়র।

এই মরশুমে রেকর্ড টাকার বিনিময়ে পিএসজি থেকে এই তারকা ফুটবলারকে সই করিয়েছে সৌদি আরবের ক্লাবটি। মুম্বই সিটি এফসির সঙ্গে যারা এএফসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে। ফলে ওই প্রতিযোগিতার নিয়মানুসারে গ্রুপ পর্বে যেরকম মুম্বইকে খেলতে হবে সৌদিতে গিয়ে। সেই ম্যাচটি হবে আগামী ২৩ অক্টোবর। সেরকম সৌদির ক্লাবটিকে ভারতে আসতে হবে অ্যাওয়ে ম্যাচ খেলতে। সেই ম্যাচটি হবে আগামী ৬ নভেম্বর। সব কিছু ঠিকঠাক থাকলে ওই ম্যাচে মুম্বইয়ের বিপক্ষে মাঠে নামতে পারেন বিশ্ব ফুটবলের অন্যতম চর্চিত চরিত্র। শুধু নেইমার নয় এই বছরে আল হিলাল ক্লাবে রয়েছেন আরও বেশ কিছু তারকা।

আরও পড়ুন      ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (WWE) তারকা ব্রে ওয়াট প্রয়াত

তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন নাপোলি ও চেলসিতে খেলা কলিদু কৌলিবালি, পর্তুগালে রোনাল্ডোর সতীর্থ রুবেন নেভেস, সার্বিয়ার সের্গেই মিলিঙ্কোভিচ স্যাভিচ, বার্সেলোনার হয়ে খেলা ম্যালকম-সহ সদ্য এই ক্লাবে যোগ দেওয়া ফুলহ্যামের তারকা ফরওয়ার্ড সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচ। এখানে উল্লেখ্য, এই ফুটবলারদের অনেকেই রয়েছেন পেশাদারী ফুটবল জীবনের মধ্যগগনে। এ যদি হয় আল হিলালে খেলা বিদেশীদের তালিকা তাহলে দেশীয় ফুটবলারদের মধ্যে রয়েছেন আল-সেহরি এবং আল-দাওয়াসারি। বিশ্ব ফুটবলের সঙ্গে নামগুলি অতি পরিচিত কারণ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বমানের গোলের জন্য। ওই গোল দুটির জন্যই প্রথম ম্যাচে ধাক্কা খেতে হয়েছিল মেসিদের।

যদিও ফুটবলপ্রেমীদের নজর থাকবে ৩১ বছরের ব্রাজিলিয়ানের উপর। কারণ এই প্রথম প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন তাঁর ভক্তরা। যদিও এই মরশুমে মুম্বইয়ের ঘরের মাঠ পুনের বালেওয়াড়ি স্টেডিয়াম। যেখানে দর্শক সংখ্যা ৭ থেকে ১১ হাজার। ফলে খুব বেশি মানুষ মাঠে বসে এই ম্যাচ দেখার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে। নেইমারকে দেখার জন্য টিকিটের চাহিদা যে তুঙ্গে থাকবে বলাই বাহুল্য। এখন দর্শকদের একাংশের দাবি, অবিলম্বে এই ম্যাচের স্থানটি পরিবর্তন করতে হবে। এখন দেখার দেশের ফুটবল প্রশাসক সংস্থা দর্শকদের দাবি মেনে,এই ম্যাচের স্থানটিকে পরিবর্তন করেন কিনা! এতে যেরকম সমর্থকরাও খুশি হবেন, অপরদিকে ক্লাবের ও প্রশাসক সংস্থার লক্ষীলাভও হবে।

About Post Author