Home » ভারতে বিশ্বকাপ খেলতে এসে মোটা টাকার চাকরি দিচ্ছে এই দেশ, আবেদন করবেন নাকি?

ভারতে বিশ্বকাপ খেলতে এসে মোটা টাকার চাকরি দিচ্ছে এই দেশ, আবেদন করবেন নাকি?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ সেপ্টেম্বর: বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র হাতেগোনা কটা দিন। বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা দলগুলি এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এসবের মধ্যেই নজিরবিহীন কাণ্ড ঘটাল নেদারল্যান্ডস ক্রিকেট দল। ভারতীয় নেট বোলার নিতে চেয়ে বিজ্ঞাপন দিল ডাচ ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে,  ভারতে বিশ্বকাপ ক্রিকেট দলের ১৫ জন সদস্য ছাড়া আর কাউকে তাঁরা ভারতে আনছেন না।

যোগ্যতা অর্জন পর্ব থেকে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে ডাচ ক্রিকেট দল। নেপাল, জিম্বাবোয়ে ও দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ যা পারেনি, সেটা এবার করে দেখিয়েছে নেদারল্যান্ডস। ইতিমধ্যে আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে ডাচ শিবির। অভিজ্ঞতা ও তারুণ্যকে ভারসাম্য রেখে দল নির্বাচন করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন কলিন অ্যাকারম্যান এবং ভ্যান ডার মারওয়ের মত অভিজ্ঞ দুই ক্রিকেটার। যদিও বাছাই পর্বে এই দুই তারকাকে ছেড়ে মাঠে নামে ডাচরা। দল মূলপর্বে যোগ্যতা অর্জন করায় এই দুই ক্রিকেটারকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন    বিশ্বকাপে এই আম্পায়ারকে নিয়ে আতঙ্কে ভারতীয় সমর্থকরা

দেখে নেওয়া যাক ডাচ দলে কারা সুযোগ পেলেন?

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, র‌্যালফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান বিক, বাস ডি’লিড, বিক্রম সিং, পল ভ্যান মিকিরান, তেজা নিদামানারু, আরিয়ান ডাট, রিয়ান ক্লেইন, শাকিব জুলফিকার, ওয়েসলি বারেসি, সাইব্র্যান্ড এঞ্জেলব্রেখট এবং শারিজ আহমেদ। যদিও দল ঘোষণা পরের ঘোষণা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে ক্রীড়া মহলে। কারণ একটি বিজ্ঞপ্তি জারি করে ডাচ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা বাড়তি ক্রিকেটার দলের সঙ্গে আনছেন না।

তাই প্র্যাকটিসে নেট বোলার চেয়ে স্থানীয় ভারতীয়দের নেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড। বাঁহাতি-ডানহাতি পেসার, রহস্য স্পিনার এবং বাঁহাতি স্পিনার চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের বেশ কিছুদিন আগে ভারতে আসছে ডাচ দল। বেঙ্গালুরুর আল্লুরে পাঁচ দিনের ক্যাম্প করবে তাঁরা। ওই ক্যাম্পেই নেট বোলার প্রয়োজন দলের। নির্বাচিত ক্রিকেটারদের যাতায়াত খরচ, গাড়ি ভাড়া, খাওয়াদাওয়া খরচ বহন করা হবে বলেও জানানো হয়েছে।

কি করলে সুযোগ মিলবে?

আপনি যদি আগ্রহী হন নেদারল্যান্ডসের বিশ্বকাপের ক্যাম্পে যোগ দিতে। আপনাকে ভারতে থাকতে হবে। ছটি বল করার ভিডিও আপনাকে পাঠাতে হবে। হাতে ক্যামেরা ধরে বল করলে হবে না। পেসারদের ন্যূনতম বলের গতি ১২০ কিমি প্রতি ঘন্টা ও স্পিনারদের ৮৯ কিমি প্রতি ঘন্টা হতে হবে। ১৭ সেপ্টেম্বরের মধ্যে আপনার ভিডিও পাঠাতে হবে।আসন্ন বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে মোট ১০ টি দেশ। তার মধ্যে একমাত্র ডাচ দলের এই সমস্যাটি রয়েছে। আপনি চাইলে এখনই আবেদন করে বিশ্বকাপের ডাচ দলের প্রস্তুতির অংশ হতে পারেন।

About Post Author