Home » জি-২০ সম্মেলনের মাঝেই ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী মোদির

জি-২০ সম্মেলনের মাঝেই ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী মোদির

সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বর:  ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে বসতে চলেছে জি-২০ সম্মেলন। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী। জি-২০ সম্মেলনের মাঝেই এবার একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, ৮ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার থেকেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এমনকী জি-২০ সম্মেলনের ফাঁকেও শনি ও রবিবার একাধিক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী মোদির। শুক্রবারই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার যুগনাথের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এরপর ৯ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার জি-২০ সম্মেলনের ফাঁকেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি জাপান, জার্মানি, ইটালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

জি-২০ সম্মেলনে দ্বিতীয় দিনে অর্থাৎ আগামী ১০ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, কোমোরস, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রাজিল ও নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। অন্যদিকে, জি-২০ সম্মেলন উপলক্ষে শনিবার বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে জি-২০ সম্মেলন যোগ দিতে শুক্রবার দিল্লিতে যাচ্ছেন মমতা। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে ওই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। ওই নৈশভোজেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন    রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া, জি-২০ বৈঠকের বিশেষ নৈশভোজে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা 

জানা গিয়েছে,শনিবার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা দিল্লিতে এসে পৌঁছবেন। কার্যত সেকারণেই এদিন সকাল থেকে দিল্লিতে এয়ার ট্রাফিক কন্ট্রোল চালু হবে। প্রসঙ্গত, এবার জি-২০র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটে ১১০টি দেশের ১২ হাজার ৩০০ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এবারের জি-২০ সামিটে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন এই ভারত সফর নিয়ে খুবই উৎসাহী বলেই জানা গিয়েছে। জি-২০ সম্মেলনের সদস্য হিসাবে এটাই তাঁর প্রথম ভারত সফর। এছাড়াও ভারতে আসছেন বিদেশ সচিব টনি ব্লিঙ্কেন, অর্থ সচিব জ্যানেট ইয়েলেন ও বাণিজ্য সতিব গিনা রাইমন্ডো। কার্যত সেকারণেই এবারের জি-২০ সম্মেলন বিশ্ব দরবারে ভারতের শক্তিশালী নেতৃত্বকে প্রতিষ্ঠা করবে বলেই মনে করা হচ্ছে।

About Post Author