Home » ক্লাসেন ক্লাসিকে উড়ে গেল অস্ট্রেলিয়া, বিশ্বকাপের আগে অক্সিজেন প্রোটিয়া শিবিরে

ক্লাসেন ক্লাসিকে উড়ে গেল অস্ট্রেলিয়া, বিশ্বকাপের আগে অক্সিজেন প্রোটিয়া শিবিরে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ সেপ্টেম্বর: বিশ্বকাপের আগে প্রোটিয়া ঝড়। সেই ঝড়ে বেসামাল অস্ট্রেলিয়া। শুক্রবার সেঞ্চুরিয়ানে চার ম্যাচের একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রোটিয়া শিবিরে প্রথমে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক। প্রথমে ব্যাটিং করার সুযোগ নিয়ে ৫ উইকেটে ৪১৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে হেনরিক ক্লাসেন ক্লাসিকে  ৮৩ বলে ১৭৪ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২৫২ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। দুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব করেছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস।

এদিন যা করলেন দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন। সেঞ্চুরিয়ানে একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে তৈরি হল একাধিক নতুন রেকর্ড। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিশেল মার্শ টসে জিতেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। একটা ঝড় যে কিছুক্ষনের মধ্যে সেঞ্চুরিয়ানের ২২ গজে আছড়ে পড়তে চলেছে তার পূর্বাভাস তিনি পাননি। পাঁচ নম্বরে ক্লাসেন যখন ইনিংস শুরু করলেন তখন ২৫ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ১২০। উইকেট কম হারলেও রান রেটের হিসেবে খুব একটা সুবিধে জনক জায়গায় ছিল না প্রোটিয়ারা। তবে ম্যাচের রং একাই পাল্টে দিলেন হেনরিক ক্লাসেন।

আরও পড়ুন    এশিয়াডের দলে সন্দেশ-সানা, শক্তি বাড়িয়ে চিনে সুনীলরা

অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ৩২ বছরের এই ক্রিকেটার। টি-২০ খেলার মেজাজে ৮৩ বলে ১৭৪ রানের নজিরবিহীন ইনিংস খেললেন। তাঁর ইনিংস সজ্জিত ছিল ১৩ টি চার ও ১৩ টি ছয়ের সাহায্যে। একদিনের ক্রিকেটে ইতিহাসে পাঁচ নম্বরে নামা কোনও ব্যাটারের এটিই দ্বিতীয় সর্বোচ্চ রান। অল্পের জন্য রক্ষা পেল ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের ১৭৫ রানের রেকর্ড।ক্লাসেন কে যোগ্য সঙ্গত দেন ডেভিড মিলার। পঞ্চম উইকেটে ৯৪ বলে ২২২ রানের জুটি গড়েন তাঁরা। একদিনের ক্রিকেটে এটিই দ্রুততম দ্বিশতরানের জুটি। শেষ বলে ক্লাসেন আউট হলেও, ৪৫ বল খেলে ৮২ রানে অপরাজিত থাকেন মিলার। মোট ৬ টি চার ও ৫ টি ছয় মারেন তিনি।

এই জুটির সৌজন্যে ৪১৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। যা একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ রান। এনিয়ে একদিনের ক্রিকেটে মোট ৭ বার ৪০০ বা তার বেশি রান করার নজির গড়ে দক্ষিণ আফ্রিকা। যা আর কোনও দল করতে পারেনি। মাইকেল নেসার ছাড়া আর কোনও অজি বোলারকে এদিন রাহাত করেননি এই দুই ব্যাটার। এই ম্যাচে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি রান খরচের রেকর্ডটি গড়েন অ্যাডাম জাম্পা। ১০ ওভার হাত ঘুরিয়ে ১১৩ রান খরচ করেন তিনি। ২০০৬ সালে জোহানেসবার্গে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ১০ ওভারে ১১৩ রান দিয়েছিলেন মিক লিউস।

স্বদেশীয়র অবাঞ্ছিত রেকর্ডটি স্পর্শ করলেন ৩২ বছরের স্পিনার। ৪১৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২৫২ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন অ্যালেক্স ক্যারি। ৭৭ বল খেলে তিনি করেন ৯৯ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে দুই পেসার লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাডা দুরন্ত বোলিং করেন। এনগিডি ৪ টি ও রাবাডা ৩ টি উইকেট নেন। ১৬৪ রানে ম্যাচ জিতে সিরিজ ২-২ করল প্রোটিয়ারা। আগামী রবিবার ওয়েন্দরার্সসে সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

About Post Author