স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বর: বৃষ্টি ও শ্রীলঙ্কাকে হারিয়ে একদিনের ক্রিকেটে ফের এশিয়া সেরা ভারত। রবিবারের ফাইনালের আগে পর্যন্ত পরিসংখ্যান অনুসারে মোট ৭ বার এশিয়া সেরার এই খেতাব জিতেছে ভারত। অপরদিকে পিছিয়ে নেই শ্রীলঙ্কা, তাঁরাও জিতেছে ৬ বার এশিয়া সেরার খেতাব। ফলে এই ম্যাচে জিতলে ভারতকে ছুঁয়ে ফেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার কাছে। আর ভারতের সামনে সুযোগ ছিল রেকর্ড অষ্টমবারের জন্য ট্রফি জয় করার। একপেশে ম্যাচে লঙ্কা বাহিনীকে হারিয়ে সেই নজির গড়লেন রোহিত শর্মারা।

চলতি এশিয়া কাপের সুপার ফোর থেকে ফাইনালে ওঠে ভারত ও শ্রীলঙ্কা। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ছিল বহু প্রতীক্ষিত ফাইনাল। যদিও বৃষ্টির জন্য ম্যাচ কিছুটা দেরিতে শুরু হয়। বৃষ্টি শেষে কলম্বোতে শুরু হয় ঝড়। যেই ঝড়ের নাম মহম্মদ সিরাজ। যখন একটি টানটান ম্যাচ উপভোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তখন সব লণ্ডভণ্ড করে দিলেন হায়দরাবাদের এই পেসার। চতুর্থ ওভারে একাই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের মাজা ভেঙে দিলেন। ১, ৩, ৪, ৬ নম্বর বলে একে একে প্যাভিলিয়নে ফেরালেন নিশঙ্কা, সমরাবিক্রমা, অসলঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভাকে। ষষ্ঠ ওভারে সিরাজের শিকার হন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। দ্বাদশ ওভারে কুশল মেন্ডিসের উইকেটটিও নেন সিরাজ।

যদিও প্রথম ওভারের দ্বিতীয় বলে কুশল পেরেরাকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংসে প্রথম ধাক্কাটি দেন জসপ্রীত বুমরা। ১২ ওভারে ৩৩ রানে ৭ উইকেট হারানোর চাপ আর সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের মধ্যে ফিনিশিংটা করেন হার্দিক। শেষের ৩ টি উইকেট নেন তিনি। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। সিরাজ ৭ ওভারে ২১ রান দিয়ে নেন ৬ টি উইকেট। হার্দিক ২.৩ ওভারে ৩ রানে নেন ৩ টি উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৭ রানের ইনিংস খেলেন কুশল মেন্ডিস।

আরও পড়ুন সিরাজের কামাল, চ্যাম্পিয়ন ভারতের প্রাপ্তি-অপ্রাপ্তি
৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে ভারত। স্বল্প রান তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন শুভমন গিল ও ঈশান কিষান। মাত্র ৬.১ ওভারে বিনা উইকেটে জয়ের রান তুলে নেয় ভারত। ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন সিরাজ। যদিও ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার মূল্য ক্যান্ডি ও কলম্বোর গ্রাউন্ড স্টাফদের দান করেন সিরাজ। দুরন্ত বোলিং করে টুর্নামেন্ট সেরা হয়েছেন ভারতের কুলদীপ যাদব।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার