জয়ন্ত দাস ও অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সময় কলকাতা , ১৮ সেপ্টেম্বর: ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগা চ্যাম্পিয়নশিপে ভারতের মুখ উজ্জ্বল করলেন বীরভূমের দুই কন্যা। আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় মহিলাদের ১৯-২০ বছর বিভাগে প্রথম হয়ে সোনা জিতেছেন সাঁইথিয়া থানার বাগডোলা গ্রামের নিশা পাল। আর ৩১-৪০বছর বিভাগে রৌপ্য পদক জিতেছেন সিউড়ি সমন্বয় পল্লীর জলি মন্ডল হাজরা।

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের ক্রেন্ড হোয়ার্ড স্কোয়ার কনভেনশন সেন্টারে আয়োজিত হয় এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়ানশীপ। এই প্রতিযোগিতায় মেক্সিকো, আমেরিকা, শ্রীলঙ্কা-সহ ১১টি দেশের প্রতিযোগিরা অংশ নেন। এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়ানশীপে ১৯-২০বছর বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করেন সাঁইথিয়া থানার বাগডোলা গ্রামের নিশা পাল। এ বছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন নিশা। ২০১২ সাল থেকে সিউড়িতে যোগ প্রশিক্ষক শুভজিৎ দাসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন।
আরও পড়ুন বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের
শুভজিৎ দাসের আরেক ছাত্রী সিউড়ি সমন্বয় পল্লীর জলি মন্ডল হাজরা ৩১-৪০বছর মহিলা বিভাগে রৌপ্য পদক পেয়েছেন। ২০১৮ সালে কোমরে হাঁটুতে ব্যথা নিয়ে ভুগছিলেন জলি। বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরলেও কাজের কাজ হচ্ছিল না। তখন যোগাতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন সিউড়ির এই গৃহবধূ। সেখান থেকে দেশকে সাফল্য এনে দিতে পেরে গর্বিত তিনি। এই দুজনের সাফল্যে খুশি তাদের পরিবার পরিজন থেকে শুরু করে প্রশিক্ষক ও এলাকার বাসিন্দারা।

বীরভূমের দুটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন জলি ও নিশা। যোগাকে নিজেদের প্রাত্যহিক জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দুজনে। প্রথমে ওড়িশ্যার ভুবনেশ্বরে জাতীয় স্তরের প্রতিযোগিতায় মেলে সাফল্য। তাঁদের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁদের যোগগুরু শুভজিৎ দাস। তিনি জানান,’এই জয় যোগাসনের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার জয়। তাদের এই সাফল্য বীরভূমের যোগাসনের চর্চাকে আরো উৎসাহিত করবে।’ তাঁদের এই সাফল্যে খুশি পরিবার পরিজন, প্রশিক্ষক ও এলাকার বাসিন্দারাও।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআরকে হারিয়ে শুরু মুম্বাইয়ের
মহামেডানকে ৭ গোল দিল ইস্টবেঙ্গল