সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বরঃ ফ্ল্যাট প্রতারণা মামলায় গত ৫ সেপ্টেম্বর বসিরহাটের তৃণমূল সাংসদকে তলব করে ইডি। ইডির তলবে সাড়া দিয়ে গত ১২ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে হাজিরাও দেন অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। যদিও গত সোমবার ফ্যাট প্রতারণা মামলার শুনানি ছিল নিম্ন আদালতে। আদালত জানিয়েছে, ‘এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ ডিসেম্বর। ততদিন পর্যন্ত তৃণমূলের তারকা সাংসদকে আর আদালতে হাজিরা দিতে হবে না।’ এসবের মাঝেই এবার ফ্ল্যাট প্রতারণা মামলায় আরও বিপাকে তারকা সাংসদ নুসরত জাহান। নুসরতের কাছে ফ্ল্যাট সংক্রান্ত আরও নথি তলব করল ইডি। গত ১২ সেপ্টেম্বর, হাজিরার দিনে তিনি সমস্ত নথি জমা দেননি বলেই অভিযোগ উঠেছে। মূলত ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ সংস্থার যে সময় ডিরেক্টর পদে ছিলেন নুসরত, সেই সময়ের নথি তলব করা হয়েছে।

জানা গিয়েছে, ওই সংস্থায় ডিরেক্টর পদে থাকাকালীন কোন কোন মিটিং করেছেন? কী কী কাজ করতে হত তাঁকে। অন্য কোনও অ্যাকাউন্ট ছিল কি না, এসবই জানতে চাওয়া হয়েছে। তদন্ত সহযোগিতার স্বার্থে চলতি সপ্তাহের মধ্যে সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে৷ এদিকে সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকে আগামী সপ্তাহে ফের হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। উল্লেখ্য, ২০১৪-১৫ সালে নুসরত ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ সংস্থার ডিরেক্টরের পদে ছিলেন। এই সংস্থাই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫০০ জন কর্মীকে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলেও অভিযোগ ওঠে। সূত্রের খবর, প্রথমে ওই ৫০০ জন ব্যাঙ্ক কর্মীকে ২ কামরার ফ্ল্যাট দেওয়ার নামে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা তুলেছিল। তাঁদেরকে বলা হয়েছিল গড়িয়াহাট এলাকায় একটি আবাসন তৈরি করে কম দামে ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও ব্যাঙ্কের কর্মীরা ফ্ল্যাট পাননি।
আরও পড়ুন চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহূর্তে সমতাসূচক গোল লাজিও গোলরক্ষকের, জয় পেল বার্সা-পিএসজি-সিটি

এরপর তাঁদেরকে বলা হয়, গড়িয়াহাটে ওই আয়তনের জমি পাওয়া যাচ্ছেনা। হিডকোতে জমির মাপ বড়ো। সেখানে তিন কামরার ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু, বছরের পর বছর কেটে গেলেও ফ্ল্যাট আর পাননি তারা। সংস্থার পক্ষ থেকে ক্রমশ টালবাহানা বাড়তে থাকায় ব্যাঙ্ক কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু গড়িয়াহাট থানার পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি। এরপর অভিযোগকারীরা আলিপুর আদালতে গিয়ে নুসরত সহ সংস্থার বিরুদ্ধে মামলা ফাইল করে। সেই মামলার ভিত্তিতেই গোটা বিষয়টির তদন্তে নেমে নুসরত জাহানকে তলব করে ইডি। তারপরই সাংবাদিক বৈঠক করে অভিনেত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি তদন্তে সহযোগিতা করবেন বলেও জানান।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ