সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বর: শনিবারই বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রবিবার বিকেলেই এসএসকেএম হাসপাতালে পায়ের চিকিৎসা করাতে যান তিনি। জানা গিয়েছে, স্পেন সফরে থাকাকালীনই বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, বিদেশ সফরে ব্যস্ত থাকার কারণে আর চিকিৎসা করাতে পারেননি। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার প্রায় ৩ ঘণ্টা ধরে উডবার্ন ওয়ার্ডে তাঁর একাধিক পরীক্ষা হয়েছে। পরীক্ষার করার পর চিকিৎসকরা জানান, ‘মুখ্যমন্ত্রীর এমআরআই ও অন্যান্য পরীক্ষা হয়েছে। বাঁ হাঁটুর জয়েন্টে খুবই ব্যথা। কিছু মেডিক্যাল প্রসিডিওরও হয়েছে। মুখ্যমন্ত্রীকে কিছু নিয়মকানুনের মধ্যে থাকতে হবে। ১০ দিনের জন্য তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে কপ্টার দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করাতে হয় মুখ্যমন্ত্রীর কপ্টারকে। সেইসময়ই কোমরে ও পায়ে চোট পেয়েছিলেন তিনি। কলকাতায় এসে এসকেএমে চিকিৎসাও করাতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। রবিবার সেই চোটের চিকিৎসা করাতেই ফের এসএসকেএম হাসপাতালে যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, বেড রেস্টের প্রয়োজন নেই। তবে চলাফেরা কিছুটা নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।
আরও পড়ুন পুজোর আগেই ৯টি নতুন রুটে বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এহেন পরিস্থিতিতে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া অনিশ্চিত হয়ে দাঁড়ালো? গত ১৬ সেপ্টেম্বর সলের তরফে জানানো হয়েছিল, একশো দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে আন্দোলনে সামিল হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর সকালে তাঁদের নেতৃত্বে রাজঘাটে প্রার্থনায় বসবেন তৃণমূলের সমস্ত সাংসদ, বিধায়ক ও জেলাসভাধিপতিরা। সেদিনই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে তৃণমূল। কিন্তু রবিবার এসএসকেএমে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শ খানিকটা অনিশ্চিত করে দিল মুখ্যমন্ত্রীর দিল্লি সফর। কেননা আগামী ৪ অক্টোবর পর্যন্ত রেস্ট্রিকশন মেনে চলতে হবে মুখ্যমন্ত্রীকে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস