Home » বোলপুরের প্রান্তিক স্টেশনে যশবন্তপুরগামী এক্সপ্রেস ট্রেনে আগুন

বোলপুরের প্রান্তিক স্টেশনে যশবন্তপুরগামী এক্সপ্রেস ট্রেনে আগুন

সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বর: ফের চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক! সোমবার রাত পৌনে দশটা নাগাদ ডাউন মুজফ্ফরপুর বেঙ্গালুরু এক্সপ্রেসে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে কোপাই ও প্রান্তিক স্টেশনের মাঝে। এরপর ট্রেনটিকে তড়িঘড়ি বীরভূমের প্রান্তিক স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। জানা গিয়েছে, মুজফফরপুর এক্সপ্রেসটি যাচ্ছিল দক্ষিণ ভারতের যশবন্তপুরে।

এক্সপ্রেসের পাঁচ নম্বর কামরার নীচে প্রথমে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই আগুনের ফুলকি চোখে পড়ে। দ্রুত এক্সপ্রেসটি প্রান্তিক স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপরই রেলের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। অগ্নিনির্বাপণ বিভাগের লোকজন এসে জল দিয়ে আগুন নেভান। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় যশবন্তপুর এক্সপ্রেস। রেলসূত্রে খবর, যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। কেউ আহত হননি। এরপর রাত প্রায় ১০টা ১৩ মিনিট নাগাদ ট্রেনটি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেয়। তবে ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটল, রেলের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন   অজস্র সুযোগ নষ্টের খেসারত, ড্র করে আইএসএল অভিযান শুরু করল ইস্টবেঙ্গল


উল্লেখ্য, এর আগে গত শনিবারই গুজরাটে হামসফর এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রথমে ইঞ্জিনে আগুন লাগে, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য কামরায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত গোটা ট্রেন খালি করে দেওয়া হয়। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ত্রিরুচিরাপল্লী জংশন থেকে শ্রী গঙ্গানগর জংশনে যাচ্ছিল। ট্রেনটি গুজরাটের ভালসাড স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময় পাওয়ার ব্রেকভ্যানে আগুন ও ধোঁয়া দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কামরাগুলি থেকে সমস্ত যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও এই দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। দ্রুত ট্রেন খালি করার কাজ শুরু হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টায় লেগে পড়েন দমকল কর্মীরা। হামসফর এক্সপ্রেসের একাধিক যাত্রী অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

About Post Author