Home » চিনে এশিয়ান গেমসে সোনা : হকিতে কি ভারতের স্বর্ণযুগ ফিরছে?

চিনে এশিয়ান গেমসে সোনা : হকিতে কি ভারতের স্বর্ণযুগ ফিরছে?

সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবর : ভারত এবারের এশিয়ান গেমসে জাপানকে হারিয়ে সোনা জিতল। টুর্নামেন্টে সোনা জেতা ছাড়াও একের পর এক ম্যাচে ভারত পর্যুদস্ত করেছে বিপক্ষকে। দক্ষিণ কোরিয়া কে হারিয়েছে, পাকিস্তানকে ধরাশায়ী করেছে। ক্রীড়াপ্রেমীদের মনে হতেই পারে, স্বর্ণযুগ ফিরে আসছে হকির।

একটা সময় ছিল যখন হকি ও ভারত নাম দুটি সমার্থক হয়ে উঠেছিল। হকির জাদুকর ধ্যানচাঁদের সময়,ভারত হকি দুনিয়ায় সর্বময় প্রাধান্য কায়েম করে। হকিতে অলিম্পিকে সোনাজয় ভারতের কাছে স্বাভাবিক নিয়ম হতে থাকে। অলিম্পিকে ভারত ছাড়া অন্য কেউ স্বর্ণপদক পাবে এটা ভাবাই যেত না। স্বাধীনতার পরে এবং পাকিস্তান রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পরে ভারতের হকি গরিমা মলিন হতে থাকে। পাশাপাশি পশ্চিম জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ হকিতে শক্তিশালী হয়ে ওঠে।ভারতের অলিম্পিকে শেষ সোনা জয় ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে যেবার পাকিস্তান, অস্ট্রেলিয়া সহ হকিতে শক্তিশালী অধিকাংশ দেশই অংশ নেয়নি। স্পেনকে ৪-৩ গোলে হারিয়ে সোনা জেতে। সেবারই ছিল অলিম্পিকে ভারতের শেষ সোনা জয়। এশিয়াডে হকি ১৯৫৮ সাল থেকে খেলার সুচি হিসেবে অন্তর্গত হয়। জাপানের ১৯৫৮ সালের এশিয়ান গেমসে পাকিস্তান চ্যাম্পিয়ন হয় ভারতের ভাগ্যে জোটে রৌপ্য পদক। ১৯৬৬ সালে প্রথমবার এশিয়ান গেমসে ভারত সোনা পায়। পরবর্তী সোনালাভ করতে ভারতকে ৩২ বছর অপেক্ষা করতে হয়। এশিয়ান গেমসে তৃতীয় সোনা জয় ২০১৪ সালে। সেখানে পাকিস্তান ২০২২ সালের আগে পর্যন্ত আটবার স্বর্ণপদক লাভ করে এশিয়ান গেমসে।২০২৩ সালে চিনে অনুষ্ঠিত ২০২২ এশিয়ান গেমসে জাপানকে ৫-১ গোলে হারিয়ে ভারত স্বর্ণ পদক জেতার আগে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারায়। তার আগে হকিতে বামন দেশ বাংলাদেশকে এক ডজন গোল দেয়। কিন্তু হকির দৈত্য পাকিস্তানকে দশ গোল দিয়ে সর্বকালের সবচেয়ে বড় ব্যবধানে পাকিস্তানকে হারানোর রেকর্ডও করেছে ভারত এবারের এশিয়ান গেমসে।এবছর ঝুড়ি ঝুড়ি গোল করা ছাড়াও ভারতকে প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাসী এবং প্রতিপক্ষের তুলনায় প্রবল শক্তিশালী মনে হয়েছে।মনে করা যেতেই পারে, ভারতীয় ক্রীড়া মোদীদের হকির স্বর্ণযুগ ফিরে আসার দিন সমাগত।

আরও পড়ুন ফাইনালেও ৫ গোল, জাপানকে উড়িয়ে সোনা ও বদলা দুটি নিল ভারত

About Post Author