Home » মালানের দুরন্ত শতরান, ধর্মশালায় বাংলাদেশকে হারাল গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

মালানের দুরন্ত শতরান, ধর্মশালায় বাংলাদেশকে হারাল গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ অক্টোবর: বিশ্বকাপের (ICC World Cup) দ্বিতীয় ম্যাচে ধাক্কা বাংলাদেশের (Bangladesh Cricket Team)। হারতে হল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন (World Champion) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে। অপরদিকে, বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলিয়ে ঘুরে দাঁড়াল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মঙ্গলবার ধর্মশালায় বাংলাদেশকে ১৩৭ রানে হারিয়ে দিল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন্স ইংল্যান্ড। আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৪ রান তোলে ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গেল ২২৭ রানে।

ধর্মশালায় টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যদিও বাংলাদেশ অধিনায়কের সিধান্ত কাজে এল না। শুরু থেকেই মারমুখী মেজাজে খেললেন ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও দাউহিদ মালান। ১৭.৫ ওভারে ১১৫ রানের জুটি গড়েন এই দুই ইংরেজ ব্যাটার। বেয়ারস্টো ৫৯ বলে ৫২ রানে প্যাভেলিয়ানে ফেরেন। যদিও অপর প্রান্তে অপ্রতিরোধ্য ছিলেন মালান। বেয়ারস্টো ফিরলেও দমে যাননি তিনি। জো রুটের সঙ্গে জুটি করে ইংল্যান্ডের রানকে এগিয়ে নিয়ে গেলেন মালান। মালান ও রুট জুটির অবদান ১৫১ রান। মালানের ব্যাট থেকে এল ১৪০ রানের বিধ্বংসী ইনিংস। ১৬টি চার এবং ৫টি ছক্কা মারলেন এই ইংরেজ ওপেনার। তিন নম্বরে নেমে এদিনও সফল জো রুট। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে এল ঝকঝকে ৮২ রানের ইনিংস। বাংলাদেশের কোনও বোলারই মালান ও রুটের ব্যাটিং আগ্রাসনকে চ্যালেঞ্জ জানাতে পারেননি। মিডল অর্ডারে বাটলার ও ব্রুক ২০ রান করে ইংল্যান্ডের স্কোরবোর্ডে যোগ করেন। মূলত এই পাঁচ ব্যাটারের ব্যাটের সৌজন্যে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তোলে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে এদিনের সফল বোলার মেহদী হাসান। ৭১ রান খরচ করে ৪ উইকেট নিলেন তিনি। ৭৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। ১টি করে উইকেট গিয়েছে তাসকিন আহমেদ এবং সাকিবের ঝুলিতে।

 

আরও পড়ুন: ডেঙ্গি আক্রান্ত গিলের বদলি, দুই ক্রিকেটারের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে

জয়ের জন্য ৩৬৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তবে শুরু থেকে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রথম ৯ ওভারে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পড়শি দেশ। তানজিদ হাসান ১ রানে আউট হন। নাজমুল হোসেন শান্ত রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন। অধিনায়ক সাকিবের অবদান ১ রান। মেহেদি হাসান মিরাজ ফেরেন মাত্র ৮ রান করে। এরপর কিছুটা লড়াই করেন বাংলাদেশের আর এক ওপেনার লিটন দাস ও মুশফিকুর রহিম। তাঁদের পঞ্চম উইকেটের জুটিতে উঠল ৭২ রান। লিটন করলেন ৬৬ বলে ৭৬ রান। মুশফিকুরের ব্যাট থেকে এল ৬৪ বলে ৫১ রানের ইনিংস। সাত নম্বরে নামা তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে এল ৩৯ রান। মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটাররা লড়াই করলেও ইংল্যান্ডের দেওয়া লক্ষ্যমাত্রার ধারে কাছে পৌঁছতে পারেনি বাংলাদেশ।

ইংল্যান্ডের হয়ে একাই ৪ টি উইকেট নিলেন রিসি টপলে। ক্রিস ওকসের দখলে গেল ২ টি উইকেট। স্যাম কারেন, মার্ক উড, আদিল রশিদ এবং লিভিংস্টোন প্রত্যেকের ভাগ্যে জুটেছে ১ টি করে উইকেট। ৪৮.২ ওভারে ২২৭ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দাউহিদ মালান।

About Post Author