Home » রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে জয় পাকিস্তানের

রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ অক্টোবর: বিশ্বকাপের (ICC World Cup) রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে (Sri Lanka Cricket Team) হারাল পাকিস্তান (Pakistan Cricket Team)। প্রথম ম্যাচের পর টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলেন বাবর আজমরা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতে  শ্রীলঙ্কাকে হারিয়ে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

উপমহাদেশের মাটিতে বিশ্বকাপের আসর বসায় এশিয়ার দলগুলির উপর প্রত্যাশার চাপ রয়েছে। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডসকে হারিয়েছিল পাকিস্তান। অপরদিকে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। ফলে মঙ্গলবার এশিয়ার দুই শক্তিশালী দলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার আশা করেছিল ক্রিকেটপ্রেমীরা। চলতি বিশ্বকাপে বিপক্ষের পাশাপাশি চোট আঘাতের সঙ্গেও লড়তে হচ্ছে বাবরদের। হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেন লঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। শুরুতে কুশল পেরেরার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। যদিও সেই চাপ সামলিয়ে নেয় তারা। দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন অপর ওপেনার পাথুম নিশঙ্কা ও কুশল মেন্ডিস। নিশঙ্কা ৬১ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন। তবে শ্রীলঙ্কার ইনিংসের সফলতম ব্যাটার কুশল মেন্ডিস। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন মেন্ডিস। তৃতীয় উইকেটে সাদিরা সমরবিক্রমের সঙ্গে জুটিতে করেন ১১১ রান। মেন্ডিসের ব্যাট থেকে এল ঝোড়ো ৭৭ বলে ১২২ রানের ইনিংস। ১৪টি চার এবং ৬টি ছয় মারেন তিনি। সমরবিক্রম করলেন ৮৯ বলে ১০৮ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ২টি ছয়ে। ছয় নম্বরে নেমে ধনঞ্জয় ডি’সিলভা করলেন ২৫ রান। মূলত এই চারজনের ব্যাটে ভর করে ৯ উইকেটে ৩৪৪ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। পাক শিবিরের হয়ে ৪ উইকেট নিলেন হাসান আলি। ২ উইকেট পেয়েছেন হ্যারিস রউফ।  শাহীন শাহ আফ্রিদি, মহম্মদ নওয়াজ় এবং শাদাব খান পেয়েছেন ১ টি করে উইকেট।

আরও পড়ুনমালানের দুরন্ত শতরান, ধর্মশালায় বাংলাদেশকে হারাল গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থ হলেন ওপেনার ইমাম উল হক। ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন পাক ওপেনার। এই ম্যাচে রান পেলেন না বাবর আজম। মাত্র ১০ রান করে ফেরেন পাক অধিনায়ক এরপর দলের হাল ধরলেন আবদুল্লা শফিক এবং মহম্মদ রিজ়ওয়ান। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপে অভিষেক হয় আবদুল্লার। প্রাথমিক উইকেট হারানোর চাপ সামলিয়ে দলকে নির্ভরতা দিলেন এই তরুণ ব্যাটার। তৃতীয় উইকেটে তাঁর ও রিজ়ওয়ানের ১৭৬ রানের জুটি পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রাখে। আবদুল্লার ব্যাট থেকে এল ১০৩ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংস। ১০টি চার এবং ৩টি ছক্কা মারলেন তিনি। শেষ পর্যন্ত পিচে টিকে থেকে দলকে জয় এনে দিলেন অভিজ্ঞ রিজওয়ান। ব্যাট করার সময় পেশিতে টান ধরে তাঁর। তবে সেই কষ্ট উপেক্ষা করেই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত ১২১ বলে ১৩১ রানে অপরাজিত থাকেন রিজ়ওয়ান। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চার এবং ৩টি ছয়ে। সরফারাজ আহমেদের পর পাকিস্তানের দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে বিশ্বকাপে শতরান করার নজিরও গড়লেন।

শেষের দিকে সাউদ শাকিলে ৩১ রান ও ইফতিকরের ১০ বলে ২২ রান করে রিজ়ওয়ানকে সঙ্গ দিলেন। একাধিক সহজ ক্যাচ ফেলে পাক শিবিরের কাজ আরও সহজ করে দেন লঙ্কার ক্রিকেটাররা। ৪ উইকেট খুইয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।

About Post Author