স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অক্টোবর: বিশ্বকাপের বাছাই পর্বে জয় আর্জেন্টিনার। পেরুকে ২-০ গোলে উড়িয়ে দিল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করলেন অধিনায়ক লিওনেল মেসি। মেসিদের জয়ের দিন অবশ্য জোর ধাক্কা ব্রাজিলের। উরুগুয়ের বিরুদ্ধে হেরে গেল সেলেকাওরা। খেলার ফল ০-২। প্রথমার্ধে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিল তারকা নেইমার।

একদিনে বিশ্বকাপের বাছাই পর্বে নেমেছিল দক্ষিণ আমেরিকার দুই বড় দল। তবে খেলার শেষে দুই দলের চিত্রটা দাঁড়াল সম্পূর্ণ অন্যরকম। একদিকে বহুদিন পর ছন্দে পাওয়া গেল আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে। পায়ের চোটের জন্য দীর্ঘদিন ক্লাবের হয়ে খেলতে পারছিলেন না তিনি। জাতীয় দলের হয়ে গত ম্যাচে পরিবর্ত হিসেবে নামলেও গোল পাননি। তবে অবশেষে ছন্দে ফিরলেন এলএমটেন। ৩২ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। বাঁ প্রান্ত থেকে নিকোলাস গঞ্জালেজ়ের মাটি ঘেঁষা পাস থেকে চলতি বলে শট মারেন। বল জড়িয়ে যায় জালে। ৪২ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান সেই মেসি।

এক্ষেত্রে পাস বাড়িয়েছিলেন এঞ্জো ফার্নান্ডেজ। সেই বলে ফলস শট মারেন জুলিয়ান আলভারেজ। বল পেয়ে যান মেসি। দারুণ দক্ষতায় বল জালে জড়ান। এদিন হ্যাটট্রিক করতে পারতেন মেসি। তবে গোলের অনেকগুলি সহজ সুযোগ নষ্ট করেন। একটি গোল বাতিল হয় অফসাইডে। দ্বিতীয়ার্ধে কয়েকটি গোলের সুযোগ তৈরি হয়েছিল লিওর পায়ে। তবে গোলের ব্যবধান বাড়েনি। অপরদিকের চিত্রটা বিষাদের। কারণ উরুগুয়ের বিরুদ্ধে হারতে হল ব্রাজিলকে। তার উপর গোদের উপর বিষফোঁড়ার মত চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার। প্রথমার্ধের শেষের দিকে দৌড়তে গিয়ে চোট পান ব্রাজিল তারকা। পা ঘুরে পড়ে যান তিনি।
আরও পড়ুন বিশ্বকাপে ফের অঘটন, নেদারল্যান্ডসের কাছে হার দক্ষিণ আফ্রিকার

এরপর আর উঠে দাঁড়াতে পারেননি। স্ট্রেচার গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। মাঠ ছাড়ার আগে চোখে জল দেখা গেল তাঁর। গোটা ম্যাচে ব্রাজিলকেও দেখে মনে হল ছন্দহীন। উরুগুয়ের রুক্ষ ফুটবলকে টেক্কা দিতে পারছিলেন না। ম্যাচের ৪২ মিনিটেই এগিয়ে যায় উরুগুয়ে। গোলে করেন ডারউইন নুনেজ। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ব্রাজিল চেষ্টা করতে থাকে গোল শোধের। কিন্তু সফল হয়নি। উল্টে ৭৭ মিনিটে জয়ের গোলটি পেয়ে যায় উরুগুয়ে। গোল করেন দে লা ক্রুজ। এই জয়ের ফলে ব্রাজিলকে পিছনে ফেলে তালিকার দুনম্বরে উঠে এল উরুগুয়ে। ৪ টির মধ্যে ৪ টি ম্যাচ জিতে শীর্ষে মেসির আর্জেন্টিনা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার