স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অক্টোবর: অপ্রতিরোধ্য পর্তুগাল। ইউরো কাপের বাছাই পর্বে দুর্বল বসনিয়ার বিরুদ্ধে বড় জয় পেল তারা। জোড়া গোল করে নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অপরদিকে, ইউরো কাপের মূলপর্বে খেলা নিশ্চিত করে ফেলল ইংল্যান্ড। ঘরের মাঠে ৩-১ গোলে ইতালিকে হারিয়ে দিল তারা। জোড়া গোল করলেন হ্যারি কেন। ইউরো কাপের মূলপর্বে দিকে এক পা এগিয়ে গিয়েছে নেদারল্যান্ডসও। গ্রিসকে ১-০ গোলে হারিয়েছে ডাচরা।

ইউরো কাপের বাছাই পর্বে টানা অষ্টম ম্যাচে জয় পর্তুগালের। ম্যাচের শুরুতে এগিয়ে যায় পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। ২০ মিনিটে ফের গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান রোনাল্ডো। জাও ফেলিক্সের পাস থেকে গোল করেন সিআরসেভেন। ২৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্রুনো ফার্নান্ডেজ। ৩২ মিনিটে আবার গোল পায় পর্তুগাল। রোনাল্ডোর পাস থেকে গোল করেন জাও ক্যানসেলো। ৪১ মিনিটে ব্যবধান ৫-০ করে পর্তুগাল। গোল করেন ফেলিক্স। ওতাভিওর পাস থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে কোনও দল আর গোল করতে পারেনি।
আরও পড়ুন মেসির জোড়া গোলে জয় আর্জেন্টিনার, উরুগুয়ের বিরুদ্ধে হার ব্রাজিলের
অপরদিকে, ইউরো কাপের মূলপর্বে যাওয়ার জন্য ১ পয়েন্ট দরকার ছিল ইংল্যান্ডের। তবে শক্তিশালী ইতালিকে হারিয়েই ইউরো কাপের মূলপর্বে নিজেদের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড। ম্যাচের ১৫ মিনিটে যদিও জিয়ানলুকা স্কামাচ্চার গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। গোল পেয়ে আক্রমণে ধার বাড়ায় ইংল্যান্ড। দুরন্ত ফুটবল খেলেন রিয়েল মাদ্রিদের ফুটবলার জুড বেলিংহাম। ৩২ মিনিটে তাঁকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। গোল করে ইংল্যান্ডকে সমতা ফেরান হ্যারি কেন।

বিরতির পরে সাউথগেটের দলের হয়ে দ্বিতীয় গোল করেন মার্কস র্যাশফোর্ড। খেলার শেষ ইতালির কফিনে শেষ পেরেক পুঁতে দেয় ইংল্যান্ড। একক দক্ষতায় গোল করেন হ্যারি। স্যান মারিনোর বিরুদ্ধে জয় পেয়েছে ডেনমার্ক। ৪২ মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন হুইল্যান্ড। যদিও ৬১ মিনিটে সমতা ফেরায় স্যান মারিনো। খেলার ৭০ মিনিটে ফের এগিয়ে যায় ডেনমার্ক। গোল করেন পৌলসেন। জি গ্রুপের খেলায় সার্বিয়া হারিয়েছে মন্টিনেগ্রোকে। খেলার ফল ৩-১। সার্বিয়ার হয়ে জোড়া গোল করেন মিত্রোভিচ। একটি গোল করেন ট্যাডিচ। মন্টিনেগ্রোর হয়ে একটি গোল শোধ করেন জভেটিচ।


More Stories
শিল্ডে ইস্টবেঙ্গলের কষ্টার্জিত জয়
হাড্ডাহাড্ডি লড়াই করে ব্রাজিলের কাছে হারল ভারত
জাপানকে হারাতে ল্যাজেগোবরে শ্রেয়সরা, জয় ২ রানে