স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অক্টোবর: বিশ্বকাপে অব্যাহত কিউয়ি ঝড়। চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামে আফগানিস্তানকে হারাল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৮৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৯ রানে শেষ আফগানদের ইনিংস। রশিদ খানদের ১৪৭ রানে হারিয়ে তালিকার শীর্ষে পৌঁছে গেল কিউয়িরা।

চিপকের পিচকে তিনি চেনেন হাতের তালুর মত। সৌজন্যে আইপিএল। এই মাঠ হল চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ। সেই দলেই খেলেন মিচেল স্যান্টনার। বুধবার নিউজিল্যান্ডের আফগান বধের অন্যতম নায়ক এই বাঁ হাতি স্পিনার। বিশ্বকাপ শুরুর আগে যাঁর ক্রিকেট ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছিল। কারণ, নিউজিল্যান্ডের পিচ পেস বোলারদের সহায়ক। সেখানে কব্জি আঙুলের কারিকুরি চলে না। তবে ভারতের স্পিন সহায়ক পিচে তিনি রাজা। এখনও পর্যন্ত বল ঘোরানোর ক্ষেত্রে বাকিদের টেক্কা দিয়েছেন ৩১ বছরের এই স্পিনার। শুধু তাই নয় বুধবারের আফগান ম্যাচ শেষের পর তিনিই চলতি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি। চিপকে ৭.৪ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রানে নিলেন ৩ টি উইকেট। শুধু তাই নয় হাসমাতুল্লাহর উইকেটের পিছনেও অবদান রয়েছে তাঁর। অসামান্য দক্ষতায় হাওয়ায় প্রায় উড়ে গিয়ে ক্যাচ নিলেন। তবে দিনের বিচারে নিউজিল্যান্ডের সফলতম বোলার লকি ফার্গুসন। ৭ ওভারে তিনিও ৩ টি উইকেট নিলেন। তবে খরচ করলেন মাত্র ১৯ রান। এছাড়া বোল্ট ২ টি, হেনরি ও রচিনের ১ টি করে উইকেটের সৌজন্যে ১৩৯ রানে শেষ হয়ে যায় আফগানদের ইনিংস। আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেন রহমত শাহ। তাঁর ব্যাট থেকে আসে ৬২ বলে ৩৬ রান। তিনি ছাড়া আর কোনও আফগান ব্যাটার উল্লেখযোগ্য রান পাননি।

আরও পড়ুন: বসনিয়াকে গোলের মালা রোনাল্ডোদের, ইউরো কাপের মূলপর্বে ইংল্যান্ড
টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে কিউয়িরা। নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে এই ম্যাচে বড় রান পাননি। ২০ রান করে আউট হন। কনওয়ে ফিরলে দলের হাল ধরেন আর এক ওপেনার উইল ইয়ং। তিনি ৫৪ রান করলেন। ৪টি চার এবং ৩টি ছয় আসে ইয়ংয়ের ব্যাট থেকে। তিন নম্বরে নামা রচিন করেন ৪১ বলে ৩২ রান। তবে দ্রুত ফেরেন ড্যারিল মিচেল। মাত্র ১ রান করে আউট হন তিনি।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক ল্যথাম ও গ্লেন ফিলিপস। পঞ্চম উইকেটের জুটিতে ১৪৪ রান করে এই জুটি। ফিলিপস ৮০ বলে ৭১ রানে আউট হন। মারেন ৪ টি চার ও ৪ টি ছয়। ৭৪ বলে ৬৮ রান করেন ল্যাথাম। ৩ টি চার ও ২ টি ছয়ে সাজানো কিউয়ি অধিনায়কের ইনিংস। সাত নম্বরে নেমে ১২ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন মার্ক চ্যাপম্যান। ইংল্যান্ডকে হারিয়ে আশা জাগিয়েছিল আফগানরা। তবে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডকে থামতে পারলনা আফগানরা।


More Stories
জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রাপ্তিযোগ
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?