Home » নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবির যেন মিনি হাসপাতাল, হার্দিকের পর এবার চোট পেলেন সূর্য কুমার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবির যেন মিনি হাসপাতাল, হার্দিকের পর এবার চোট পেলেন সূর্য কুমার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ অক্টোবর: বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের (ICC World Cup) গত ম্যাচে বল করতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চোট এতটাই গুরুতর ছিল যে খেলার মাঝপথেই মাঠ ছাড়তে হয় হার্দিককে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী ম্যাচে তিনি অনিশ্চিত। তাঁর বদলি হিসেবে ভাবা হচ্ছিল সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) নাম। তবে এবার চোট পেলেন ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি। শুধু এখানেই শেষ নয় ব্যাট করার সময় মৌমাছির কামড় খেয়েছেন দলের আর এক গুরুত্বপূর্ণ সদস্য ঈশান কিষান (Ishaan Kishan)। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ চাপে রাহুল দ্রাবিড়ের ছেলেরা।

অষ্টমীর দিন ধর্মশালায় মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। বিশ্বকাপের তালিকার শীর্ষে রয়েছে দুটি দল। একটিও ম্যাচ এখনও পর্যন্ত হারের মুখ দেখেনি তারা। ফলে অনেকে মনে করছেন এই ম্যাচটিই বিশ্বকাপের ফাইনালের প্রস্তুতি। তবে গুরুত্বপূর্ণ একটি ম্যাচের আগে বেশ চাপে রয়েছে ভারতীয় শিবির। কারণ, শনিবার অনুশীলন করার সময় চোট পেয়েছেন সূর্য কুমার যাদব। থ্রো-ডাউন বিশেষজ্ঞ রঘু রাঘবেন্দ্রের বিরুদ্ধে খেলার সময় কব্জিতে চোট পান সূর্য। যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় এই ছটফটে ব্যাটারকে। সঙ্গে সঙ্গে নেট থেকে বেরিয়ে যান সূর্য। দীর্ঘক্ষণ তাঁকে শুশ্রুষা করেন দলের ডাক্তার। দেওয়া হয় আইসপ্যাক। দেখে বোঝা যাচ্ছিল চোট গুরুতর। হার্দিক নিউজিল্যান্ড ম্যাচের আগে ছিটকে গিয়েছে চোটের কারণে। তাঁর বদলি হিসেবে ভাবা হচ্ছিল সূর্যের নাম। তবে নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন চোট পাওয়ায় তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়। হার্দিকের বদলি হিসেবে দ্বিতীয় পছন্দ ছিল ঈশান কিষান। শুবমন মাঠের বাইরে থাকার সময় তিনি নিয়মিত সুযোগ পাচ্ছিলেন। তবে শনিবার ব্যাট করার সময় তাঁকে মাথার পিছনে মৌমাছি কামড়িয়েছে। তিনিও অনুশীলনের মাঝপথে নেট থেকে বেরিয়ে যান।

আরও পড়ুন: চলে গেলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার ববি চার্লটন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি একদিনের বিশ্বকাপে ভারতের রেকর্ড বেশ শোচনীয়। মোট ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। নিউজিল্যান্ড জিতেছে ৫ টি। ভারত জিতেছে ৩ টি। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আইসিসির একদিনের বিশ্বকাপে ভারত শেষবার কিউয়িদের হারিয়েছিল ২০০৩ সালে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত জিতেছিল ৭ উইকেটে। গত বিশ্বকাপেও ব্ল্যাক ক্যাপদের বিরুদ্ধে হেরেই মাঠ ছেড়েছিল ভারত। গতবারের বদলা এবার নিতে পারবেন রোহিতরা? উত্তর মিলবে ম্যাচের শেষে।

About Post Author