Home » চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘হামুন’, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘হামুন’, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ২৫ অক্টোবর: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ক্রমশ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘হামুন’। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। তবে, বিকেলের পর থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। সুন্দরবন এলাকাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে। এই হাওয়া বদলের কারণে বঙ্গে ধীরে ধীরে আদ্রতাজনিত অস্বস্তি কমেছে অনেকটাই। একাদশী থেকে রাজ্যের উপকূলের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। দ্বাদশী পর্যন্ত বৃষ্টি বাড়বে। আগামী ৬ ঘন্টায় আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ভারী থেকে অতিভারী নিম্নচাপে পরিণত হতে চলেছে। যদিও এই নিম্নচাপের প্রভাব বাংলার ওপর তেমন পড়বে না। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নবমীর দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। দ্বাদশী পর্যন্ত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি উত্তাল থাকবে সমুদ্র। একাদশীতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে।

আরও পড়ুন  পুজোয় মেকআপ করে কপাল জুড়ে ব্রণ দেখা দিয়েছে? ত্বকের পরিচর্যায় ভরসা রাখুন এই ফেসপ্যাকে

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দুপুরে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা অনেকটাই কমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমছে। রাতের দিকে ক্রমশ তাপমাত্রা কমছে। বুধবার দুপুরের পর রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৮৬ শতাংশ।

 

পূর্বাভাস বলছে, বুধবার গাঙ্গেয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ সকাল থেকেই মেঘলা। বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একাদশী ও দ্বাদশীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও একাদশীতে কলকাতা ও তার আশেপাশের এলাকায় বিকেলের পর বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। অন্যদিকে, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কর্ণাটক ও তামিলনাড়ুতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author