Home » দুটি দর্শনীয় গোল, কঠিন প্রতিপক্ষকে ৪-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

দুটি দর্শনীয় গোল, কঠিন প্রতিপক্ষকে ৪-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ অক্টোবর: ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিং। ফলে চলতি কলকাতা লিগের বাকি  ম্যাচগুলি এখন স্রেফ নিয়মরক্ষার। সে রকমই একটি ম্যাচে সোমবার ইস্টবেঙ্গল (East Bengal FC) মুখোমুখি হয় ডায়মন্ড হারবার এফসির। সোমবার ঘরের মাঠে দাপুটে ফুটবল উপহার দিলেন ভিনু জর্জের ছেলেরা। ডায়মন্ড হারবারকে ৪-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ৪-১ গোলের মধ্যে দুটি দর্শনীয় গোল করেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা।

সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। কলকাতা প্রিমিয়ার লিগে এই মরশুমে সাড়া জাগানো ফুটবল খেলেছে ডায়মন্ড হারবার এফসি। একটা সময় কলকাতা লিগ জয়ের দাবিদারও ছিল তারা। যদিও অনেকগুলি ম্যাচ বাকি থাকতে লিগ জিতে নেয় মহমেডান স্পোর্টিং। এদিন অবশ্য মাঠের লড়াইয়ে ডায়মন্ড হারবারকে টেক্কা দিল ইস্টবেঙ্গল। শুরু থেকে আক্রমণ করেও গোলের মুখ খুলতে পারেনি লাল হলুদ। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। প্রায় একক দক্ষতায় দর্শনীয় গোল করেন জেসিন টিকে। যেই গোল দেখে উচ্ছ্বসিত গ্যালারিতে উপস্থিত লাল-হলুদ সমর্থকেরা। যদিও সেই গোল বেশি ক্ষণ ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় ডায়মন্ড হারবার। গোল করেন রাহুল পাসোয়ান।

আরও পড়ুন: বিশ্বকাপের মধ্যে ইস্তফা ইনজামামের

দ্বিতীয়ার্ধে আক্রমণে বৈচিত্র্য আনে ইস্টবেঙ্গল। গোটা সময় জুড়েই মাঠে ছিল লাল-হলুদের দাপট। ৫৪ মিনিটে মহীতোষ রায়ের শট অল্পের জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু ৫৫ মিনিটের মাথায় এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে রোশলকে ফাউল করে ডায়মন্ড হারবারের ডিফেন্ডার। পেনাল্টি পায় লাল হলুদ। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মহীতোষ। ৭৮ মিনিটে তৃতীয় গোল পায় ইস্টবেঙ্গল। বিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করেন তুহিন দাস। খেলার ফাইলাল বাঁশি বাজার ১ মিনিট আগে ফের গোল করে মশাল বাহিনী। এবার গোল করেন অভিষেক কুঞ্জম। দ্বিতীয়ার্ধে গোল শোধের সুযোগ পেয়েছিল ডায়মন্ড হারবার এফসিও। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তাদের ফুটবলারেরা।

About Post Author