Home » বিশ্বকাপের মধ্যে ইস্তফা ইনজামামের

বিশ্বকাপের মধ্যে ইস্তফা ইনজামামের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ অক্টোবর: বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির মধ্যে পদত্যাগ করলেন নির্বাচক প্রধান ইনজামাম উল হক। ভারতে অনুষ্ঠিত চলতি বিশ্বকাপে খারাপ ফর্মে রয়েছে পাক শিবির। এক টানা চার ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে। এরই মধ্যে ফের পাক শিবিরে ফের ডামাডোল। বিশ্বকাপের মধ্যে সোমবার পাকিস্তান ক্রিকেট টিমের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন পাকিস্তান কিংবদন্তি ইনজামাম উল হক। জানা গিয়েছে, স্বার্থের সংঘাতের কারণে ইনজামামের এই সিদ্ধান্ত। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইনজি ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। তার ফলে স্বার্থের সংঘাতের অভিযোগে তাঁকে পদত্যাগ করতে হয়েছে।  

আরও পড়ুন    ইডি দফতরে হাজির আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় এবং দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাচু

একটি কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন ইনজামাম। সেই কোম্পানির মালিকের নাম তালহা রেহমানি। যিনি ক্রিকেটারদের একজন এজেন্ট। ফলে বিশ্বকাপে পাকিস্তানের নির্বাচনে সেই ব্যক্তি প্রভাব খাটাতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের দল নির্বাচনে রেহমানির প্রভাব রয়েছে কি না, তা জানতে পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিডিয়ার তরফে অভিযোগ করা হয়, স্বার্থের সংঘাত এবং তার জন্য দল বাছাই প্রক্রিয়া প্রভাবিত হয়েছে। এই অভিযোগের তদন্তের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাঁচ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখার পর বোর্ডকে একটি রিপোর্ট দেবে। ওই কমিটি এবিষয়ে কোনও পরামর্শ বা মতামত দিলে তাও গুরুত্ব দিয়ে শোনা হবে।’ কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্বয়ং ইনজামাম। তিনি জানিয়েছেন,“আমাকে ফোন করে বোর্ডের তরফে কমিটির কথা জানানো হয়েছে। কমিটির সদস্যদের সঙ্গে কথা বলতে আমার সমস্যা নেই। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমিই বোর্ডকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলাম। আমার মনে হয়েছে এই সময়ে এটি উচিৎ কাজ। সব ঠিক হলে তার পরে আবার বোর্ডের সঙ্গে কথা বলব।”

About Post Author