স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ নভেম্বর: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় টিকিট নিশ্চিত করল আর্সেনাল। বুধবার গ্রুপ লিগে নিজেদের পঞ্চম ম্যাচে লেন্সকে ৬-০ গোলে হারিয়ে দিল মিকেল আর্তেতার ছেলেরা। আর্সেনালের হয়ে গোলগুলি করেন কাই হ্যাভার্টজ, গ্যাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেলি, মার্টিন ওডেগার্ড ও জর্জিনহো। গত ম্যাচে এই দলের বিরুদ্ধেই হারতে হয়েছিল আর্সেনালকে। এই জয়ের সঙ্গে সেই হারের বদলা নিল গানাররা। শেষ ষোলোয় পৌঁছতে স্রেফ ড্র-টাই দরকার ছিল আর্সেনালের।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে পার্থ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর
তবে বিশাল ব্যবধানে জিতেই মাঠ ছাড়লেন বুকায়ো সাকারা। ম্যাচের প্রথমার্ধেই গোল করেছেন আর্সেনালের পাঁচজন ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে এই কীর্তি গড়ল লণ্ডনের ক্লাবটি। কোনো ইংলিশ ক্লাবের ম্যাচের প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে থাকার ঘটনাও এটিই প্রথম। যদিও ঘরের মাঠ এমিরেটসে আর্সেনালকে প্রথম গোলের জন্য ১৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে প্রথম বল জালে জড়ান কাই হ্যাভার্টজ। প্রথম গোলের ১৩ মিনিটের মধ্যে আর্সেনাল আরও তিন গোল পেয়ে যায়। খেলার ২১ মিনিটে বুকায়ো সাকার পাস থেকে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস।
আরও পড়ুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জয়নগর থানা ঘেরাও কর্মসূচি বামেদের
ঠিক দুই মিনিট পর ব্যবধান ৩-০ করেন সাকা। গ্যাব্রিয়েল মার্তিনেলির পাস থেকে গোল করেন ইংলিশ উইঙ্গা। সেই গোলের রেশ কাটতে না কাটতে ফের গোল পায় আর্সেনাল। ২৭ মিনিটে গোল করেন মার্তিনেলি। তাকে গোলের বল বাড়িয়েছিল তাকিহিরো তোমিয়াসু। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ব্যবধান ৫-০ করেন মার্টিন ওডেগার্ড। এবারও গোলের পাস আসে তোমিয়াসুর পা থেকে। দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালের ষষ্ঠ গোলটি করেন জর্গিনহো। এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হিসেবে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে গানাররা। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় যাওয়ার লড়াইটা এখন পিএসভি ও লেন্সের।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে