Home » Premier League 2023-24: প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ লড়াইয়ে চেলসিকে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

Premier League 2023-24: প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ লড়াইয়ে চেলসিকে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ ডিসেম্বর: প্রিমিয়ার লিগে দুরন্ত প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)। ঘরের মাঠে চেলসিকে ২-১ গোলে হারাল এরিক টেন হ্যাগের দল। ইউনাইটেডের হয়ে জোড়া গোল করলেন স্কট ম্যাকটমিনে। চেলসির হয়ে একটি গোল শোধ করেন কোল পালমার।

প্রিমিয়ার লিগে ফের চেনা ছন্দে পাওয়া গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে খেলতে নামে ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে প্রতিপক্ষ চেলসি। শুরু থেকে আধিপত্য নিয়ে শুরু করে রেড ডেভিলরা। গোলের সুযোগও পেয়ে গিয়েছিল। খেলার ৭ মিনিটে বক্সের মধ্যে অ্যান্টনিকে ফাউল করেন এঞ্জো ফার্নান্ডেজ। ভিএআর দেখে ইউনাইটেডকে পেনাল্টি দেন রেফারি। তবে সেটা কাজে লাগাতে পারননি ব্রুনো ফার্নান্দেজ। ইউনাইটেড গোলরক্ষকের নেওয়া দুর্বল পেনাল্টি বাঁচিয়ে দেন চেলসি গোলরক্ষক রবার্টো স্যাঞ্চেজ।

প্রথম দিকে ইউনাইটেডের বিপক্ষে রীতিমত দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন তিনি। নাহলে কমপক্ষে ৩ গোলে এগিয়ে যেতে পারত ইউনাইটেড। তবে খেলার ১৬ মিনিটে প্রথম পরাস্ত হন স্যাঞ্চেজ। ম্যাগুয়ারের বল ব্লক করেন চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। জোরালো শটে ফিরতি বল জালে জড়ান স্কট ম্যাকটমিনে। প্রথমার্ধের শেষদিকে ম্যাচে চাপ বাড়ায় চেলসি। ৩৭ মিনিটে গোলের সুযোগ চলে আসে ব্লু’জদের কাছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি চেলসি ফরওয়ার্ড নিকোলাস জ্যাকসন। তবে ৪৫ মিনিটে খেলায় সমতা ফেরায় চেলসি। মুদ্রিকের পাস ধরে ইউনাইটেডের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিচু শটে চমৎকার ফিনিশ করেন পালমার।

আরও পড়ুন: ISL2023-24: হাড্ডাহাড্ডি ম্যাচে সাদিকুর জোড়া গোলে মান রক্ষা ‘মিনি হাসপাতাল’ মোহনবাগানের

দ্বিতীয়ার্ধেও খেলার রাশ নিজেদের দখলে রাখে ইউনাইটেড। ৬৯ মিনিটে ফের ইউনাইটেডকে এগিয়ে দেন ম্যাকটমিনে। আলেহান্দ্রো গার্নাচোর মাপা সেন্টার থেকে হেড করে গোল করেন স্কটিশ মিডফিল্ডার। ম্যাচের বাকি সময় একাধিক গোল নষ্ট করলেন দুই দলের ফুটবলাররা। চেলসির গোল লক্ষ্য করে মোট ২৮ টি শট নিয়েছেন হুইল্যান্ড, ব্রুনো, ম্যাকটমিনেরা। যার মধ্যে লক্ষ্যে শট রেখেছিলেন মাত্র ৯ টি। সব মিলিয়ে এই মরশুমে নিজেদের সেরা ম্যাচটি খেলেছে ইউনাইটেড।

চেলসির বিরুদ্ধে মাঠে নামার আগে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইউনাইটেড কোচের বিরুদ্ধে বিদ্রোহ দেখিয়েছেন ফুটবলারদের একাংশ। যদিও ম্যাচ জিতে সেই গুঞ্জনে জল ঢেলেছেন ইউনাইটেডের ডাচ কোচ। একটি ম্যাচ জিতে হারানো মনোবল যে ফিরে পেয়েছে ইউনাইটেড শিবির, এবিষয়ে কোনও সন্দেহ নেই।

About Post Author