স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ ডিসেম্বর: লা লিগায় বড় ধাক্কা বার্সেলোনার। ঘরের মাটিতে জিরোনার বিরুদ্ধে হারতে হল জাভি হার্নান্ডেজের দলকে। খেলার ফল ২-৪। জিরোনার হয়ে চারটি গোল করেন আর্তেম ডোভাবিক, মিগুয়েল গুতিয়েরেস, ভালেরি ফার্নান্ডেজ ও ক্রিশ্চিয়ান স্টিউয়ানি। বার্সেলোনার হয়ে ব্যবধান কমান রবার্ট লেভানডস্কি ও ইকে গুন্ডোয়ান।

খেলা শুরু হওয়ার ১২ মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে বার্সা। আর্তেম ডোভাবিক ও ভিক্টর সিগানকভ যুগলবন্দীতে গোল হজম করতে হয় তাদের। গোল করেন ডোভাবিক। যদিও বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি জিরোনা। খেলার ১৯ মিনিটের মাথায় গোলশোধ করে দেয় বার্সেলোনা। গোল করে সমতা ফেরান রবার্ট লেভানডস্কি। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফের পিছিয়ে পড়তে হয় বার্সাকে। জিরোনাকে এগিয়ে দেন মিগুয়েল গুতিয়েরেস। প্রথমার্ধে স্কোরবোর্ডে আর কোনও পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া চেষ্টা চালাতে থাকে জাভির দল। জিরোনার গোল লক্ষ্য করে একাধিক শট নিলেও গোলমুখ খুলতে পারেনি তারা। উল্টে ৮০ মিনিটের মাথায় ফের গোল হজম করতে হয় তাদের। এবার জিরোনার হয়ে গোল করেন ভালেরি ফার্নান্ডেজ। শেষের দিকে গোলশোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে একটি গোল শোধ করে ইকে গুন্ডোয়ান । এরপর অনেক বার্সা সমর্থক ভেবেছিলেন ম্যাচে সমতা ফেরাতে পারবে তাদের প্রিয় দল। তবে তা হয়নি। বরং ফের গোল হজম করতে হয় বার্সেলোনাকে। জিরোনার হয়ে ব্যবধান ৪-২ করেন ক্রিশ্চিয়ান স্টিউয়ানি।

আরও পড়ুন: EPL2023-24: সালাহর ২০০ গোলের দিনে পিছিয়ে পড়েও দুরন্ত জয় লিভারপুলের, ঘরের মাঠে বিপর্যস্ত ইউনাইটেড
এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল জিরোনা। পয়েন্ট তালিকায় রিয়ালের থেকে দু’পয়েন্টে এগিয়ে গেল তারা। শনিবার বেটিসের বিরুদ্ধে আটকে গিয়েছিল রিয়াল। অন্যদিকে ঘরের মাঠে হেরে চতুর্থ স্থানে নেমে গেল বার্সেলোনা। জিরোনার থেকে সাত এবং রিয়ালের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে জাভির দল। আলমেরিয়াকে ২-১ হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে টানা ১৭ ম্যাচে জয় পেল তারা। বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমান থাকলেও একটি ম্যাচ কম খেলেছে সিমিওনের দল।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে