Home » PREMIER LEAGUE: প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার সিটির

PREMIER LEAGUE: প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ ডিসেম্বর: আর্লিং হাল্যান্ডকে ছাড়াই প্রিমিয়ার লিগে (Premier League) দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City)। এক গোলে পিছিয়ে পড়েও লুটন টাউনকে (Luton Town) হারাল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। প্রিমিয়ার লিগে রবিবার ইতিহাডে লুটন টাউনকে ২-১ গোলে হারাল তারা।  লুটনকে এগিয়ে দিয়েছিলেন এলিজা আবেবাও। সিটির হয়ে সমতা ফেরান বের্নার্দো সিলভা। প্রথম গোলের কয়েক মিনিট পর তাদের হয়ে জয়সূচক গোলটি করেন জ্যাক গ্রিলিশ।

আরও পড়ুন: ISL2023-24: অসংখ্য গোলের সহজ সুযোগ নষ্টের খেসারত, যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল

প্রিমিয়ার লিগে গত চার ম্যাচে জয়ের দেখা পায়নি ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার ঘরের মাঠ ইতিহাডে লুটনের বিরুদ্ধে নামার আগে চাপে ছিল তারা। তার উপর চোটের জন্য দলে ছিলেন না তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। তবে তাতেও জিততে অসুবিধে হল না। যদিও প্রথমার্ধের সংযুক্তি সময়ে পিছিয়ে পড়েছিল সিটিজেনরা। অ্যান্ড্রোস টাউন্সেডের ডান দিক থেকে নেওয়া বাঁ পায়ের নিখুঁত ক্রসে হেড করে ১-০ করেছিলেন লুটনের আবেবাও। পিছিয়ে পড়ে আক্রমণের চাপ বাড়ায় সিটি। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৬২ মিনিট পর্যন্ত। বিপক্ষের ট্যাকল এড়িয়ে গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছিলেন রড্রি। সেই বল ধরে গোল করতে ভুল করেননি বের্নাদো সিলভা। প্রথম গোলের ধাক্কা সামলিয়ে ওঠার আগে ফের গোল হজম করতে হয় লুটনকে। জুলিয়ান আলভারেজের বাড়ানো ক্রস থেকে ব্যবধান ২-১ করেন জ্যাক গ্রিলিশ। গোটা ম্যাচে অসংখ্য গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি সিটিজেনরা। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রইল তারা।

আরও পড়ুন: LA LIGA: লা লিগায় ঘরের মাটিতে হার বার্সেলোনার, জিতে রিয়ালকে পিছনে ফেলে শীর্ষে জিরোনা

ম্যাচের পরে গুয়ার্দিওলা বলেন, ‘‘শেষ ম্যাচের হিসেবে দেখতে গেলে ছেলেরা অসাধারণ খেলেছে। প্রথমার্ধে আমরা বেশি ইতিবাচক খেলেছি। তবে মজার বিষয় প্রথমার্ধে আমাদের গোল হজম করতে হয়। দ্বিতীয়ার্ধে দরকার ছিল হিসেব উল্টে দেওয়ার। সেটা দারুণ ভাবেই করেছে ছেলেরা।’’

About Post Author