স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ ডিসেম্বর: আই লিগে (I-League) ফের জয়ের রাস্তায় ফিরল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। বুধবার পঞ্জাবে তাদের ঘরের মাঠে নামধারী এফসিকে (Namdhari FC) ১-০ গোলে হারাল আন্দ্রে চের্নিশভের ছেলেরা। ম্যাচের একমাত্র গোলটি করেন বেনস্টন ব্যারেটো। গত ম্যাচে গোকুলম কেরালার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র করতে হয়েছিল।

শীত গ্রীষ্ম বর্ষা ব্যারেটোই ভরসা। এই স্লোগানের সঙ্গে পরিচিত কলকাতা ময়দান। বিশেষ করে কয়েক বছর আগেও মোহনবাগান সমর্থকদের মুখে মুখে ঘুরত এই স্লোগান। মোহন জনতার প্রিয় তারকা জোসে রামিরেজ ব্যারেটো ফুটবল বুট তুলে রেখেছেন বহু বছর হল। ফের কলকাতার ময়দানে ফিরলেন ব্যারেটো। তিনি বেনস্টন ব্যারেটো। ভারতীয় ব্যারেটোর করা একমাত্র গোলে বুধবার নামধারীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মহামেডান স্পোর্টিং।
প্রথমার্ধে কিছুটা ধীর গতিতে শুরু করে দুটি দল। কয়েকটি সুযোগ তৈরি হলেও গোল করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে মহামেডান। দলে একাধিক পরিবর্তন করেন কোচ আন্দ্রে চের্নিশভ। ৭৫ মিনিটে এডি হার্নান্দেজকে তুলে ব্যারেটোকে নামিয়ে দেন সাদা-কালো কোচ। চোট সারিয়ে এই ম্যাচে মাঠে নামেন ভারতের তরুণ উইঙ্গার। মাঠে নামার ৬ মিনিটের মধ্যে তার করা গোলই এগিয়ে যায় মহামেডান। আলেক্সিস গোমেজ়ের ডিফেন্স চেরা থ্রু পাস ধরে প্রথম পোস্টে বল রাখেন ব্যারেটো। ঝাঁপিয়ে পড়েও বাঁচাতে পারেননি নামধারীর গোলরক্ষক। ভারতের এই সম্ভাবনাময় তরুণের গোল ম্যাচের ভাগ্য স্থির করে দেয়। গোল পেয়ে শেষ দশ মিনিট উজ্জীবিত ফুটবল খেলতে থাকে মহামেডান। তবে আর গোলের দেখা পায়নি। ঘরের মাঠে সমতা ফেরাতে ব্যর্থ হয় পঞ্জাবের ক্লাব নামধারী। ফলে ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে কলকাতার এই প্রধান।

আরও পড়ুন: Andre Russel: রাসেল-মেনিয়ায় বিধ্বস্ত ইংল্যান্ড, গম্ভীর শাহরুখের জন্য স্বস্তির খবর
এই জয়ের ফলে লিগের শীর্ষ স্থান ধরে রাখল মহামেডান। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে নামধারীর সংগ্রহ ৫ পয়েন্ট। লিগ তালিকার দ্বাদশ স্থানে রইল তারা। আই লিগে মহামেডানের আগামী ম্যাচ পরের রবিবার। গোয়ায় শক্তিশালী চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হবে ডেভিডরা। বৃহস্পতিবার গোয়া উড়ে যাবেন তারা।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে