Home » ISL: পেনাল্টি থেকে জোড়া গোল হজম, দক্ষিণী ডার্বিতে হার সুনীলদের বেঙ্গালুরুর

ISL: পেনাল্টি থেকে জোড়া গোল হজম, দক্ষিণী ডার্বিতে হার সুনীলদের বেঙ্গালুরুর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ ডিসেম্বর: খারাপ সময় পিছু ছাড়ছে না বেঙ্গালুরুর এফসি-র (Bengaluru FC)। বুধবার দক্ষিণের ডার্বিতেও হারতে হল সুনীল ছেত্রীদের। নিজদের ঘরের মাঠে দ্যা ব্লু’জদের হারাল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। খেলার ফল চেন্নাইয়ের দলের পক্ষে ২-০। দু’টি গোলই হয় পেনাল্টি (Penalty) থেকে। গোল দুটি করেন রাফায়েল ক্রিভেলারো ও জর্ডন মুরে।

গত ম্যাচেই মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ৪-০ গোলে পর্যদুস্ত হয়েছিল বেঙ্গালুরু। লাগাতার ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ থেকে ইস্তফা দেন ব্রিটিশ কোচ সাইমন গ্রেসন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব নেন রেনেডি সিং। তবে শুরুটা ভাল হল না ভারতের প্রাক্তন মিডফিল্ডারের। বুধবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয় বেঙ্গালুরু। দক্ষিণের ডার্বিও বলা হয় দুই দলের দ্বৈরথকে। নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরুর মত না হারলেও, জয়ের দেখা পায়নি চেন্নাইয়িনও। দুটি দলই এই ম্যাচে জয়ের সন্ধানে ছিল। খেলা শুরু হওয়ার ছ’মিনিটের মধ্যেই এগিয়ে যায় চেন্নাইয়িন। নিনথোই মিতেইয়ের সেন্টার বক্সের মধ্যে থেকে বিপদমুক্ত করতে গিয়ে হাতে লাগিয়ে বসেন বেঙ্গালুরুর নামগিয়াল ভুটিয়া। পেনাল্টি পায় চেন্নাইয়িন। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফায়েল ক্রিভেলারো। গোল খেয়ে আক্রমণের চাপ বাড়ায় বেঙ্গালুরু। ১৪ মিনিটে চেন্নাইয়িনের বক্সের মধ্যে নামগিয়ালের শট অঙ্কিত মুখোপাধ্যায়ের হাতে লাগে। বেঙ্গালুরুর ফুটবলাররা পেনাল্টির আবেদন করলেও কর্ণপাত করেননি রেফারি। প্রথমার্ধে দাপট নিয়ে খেললেও সমতা ফেরাতে পারেনি বেঙ্গালুরু। ০-১ গোলে পিছিয়ে বিরতিতে যায় তারা।

আরও পড়ুন: I-League: নামধারীর বিরুদ্ধে মহামেডানের দুরন্ত জয়ে নায়ক ব‌্যারেটো

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু। তবে খেলার গতির বিপরীতে ফের গোল পেয়ে যায় চেন্নাইয়িন। ৫০ মিনিটের মাথায় বক্সের মধ্যে চেন্নাইয়িনের ক্রিভেলারোকে ফাউল করেন বেঙ্গালুরুর এক ফুটবলার। আবার আয়োজক দলকে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জর্ডান মারে। দু’গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেঙ্গালুরু। একাধিক গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু চেন্নাইয়িনের গোলের তলায় ত্রাতা হয়ে ওঠেন বাংলার দেবজিৎ মজুমদার। তাঁর দুটি হাতে আটকে যায় সুনীলদের সব আক্রমণ। ফলে আবার হেরে মাঠ ছাড়তে হল বেঙ্গালুরুকে। ইন্ডিয়ান সুপার লিগে ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রইল বেঙ্গালুরু। মাত্র একটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন সুনীলরা। ম্যাচ জিতে ছয়ে উঠে এল চেন্নাইয়িন। ১০ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১২।

About Post Author