Home » সচিনের পর এই বিরল সম্মান ধোনিকে, সংরক্ষণে মাহির প্রিয় জার্সি

সচিনের পর এই বিরল সম্মান ধোনিকে, সংরক্ষণে মাহির প্রিয় জার্সি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ ডিসেম্বর: বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিরল সম্মান ভারতীয় ক্রিকেট বোর্ডের। সংরক্ষণে পাঠানো হল তাঁর প্রিয় ‘৭ নম্বর’ জার্সিটি। ভবিষ্যতে ভারতীয় দলের আর কোনও ক্রিকেটারকে এই জার্সিতে দেখা যাবে না। এই প্রথম নয় অতীতে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকারের দশ নম্বর জার্সিটিও সংরক্ষণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটারদের। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “ বর্তমানে দলে থাকা ক্রিকেটার ও তরুণ ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে যে, তাঁরা এখন থেকে ধোনির ৭ নম্বর জার্সিটি আর পরতে পারবেন না। ১০ এবং ৭ নম্বর বাদ দিয়ে অন্য নম্বরের জার্সি পরতে হবে আগামী প্রজন্মের ক্রিকেটারদের।” তিনি আরও বলেছেন, “ভারতীয় ক্রিকেটারদের জার্সির জন্য মোট ৬০টি নম্বর অবশিষ্ট রয়েছে। ওই ৬০টি নম্বরের থেকে নিজেদের জার্সি নম্বর বেছে নিতে পারবেন ক্রিকেটারেরা। জাতীয় দল থেকে কোনও ক্রিকেটার বাদ পড়লেও আমরা তার জার্সি নম্বরটি অন্য কাউকে দিই না। কোনও ক্রিকেটারের যখন অভিষেক জয়, তখন তাঁর কাছে বেছে নেওয়ার জন্য প্রায় ৩০টি নম্বর থাকে।”

আরও পড়ুন: রেফারিকে ঘুষি কাণ্ডে আজীবন নির্বাসিত ক্লাব সভাপতি

জার্সি সংরক্ষণের ঘটনা ক্রীড়া জগতে নতুন ঘটনা নয়। ১৯৩৪ সালে পেশাদারী খেলায় প্রথম এরকম ঘটনা ঘটেছিল। টরন্টোর আইস হকি ক্লাব টরন্টো ম্যাপেল লিফ তাঁদের প্রাক্তন খেলোয়াড় এস বেইলির ৬ নম্বর জার্সিটি সংরক্ষিত করে রাখে। সেই ধারা এখনও বজায় রয়েছে। ইতালির ফুটবল ক্লাব নাপোলি দিয়েগো মারাদোনার ১০ নম্বর জার্সিটি সংরক্ষণ করে রাখে। জোহান ক্রুয়েফের প্রতি সম্মান দেখিয়ে ১৪ নম্বর জার্সিটি সংরক্ষিত করে রেখেছে নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দল। সেই তালিকায় এবার যুক্ত হল মহেন্দ্র সিং ধোনির নাম। জাতীয় দলের জার্সিতে শেষবার ধোনিকে দেখা গিয়েছিল ২০১৯ সালে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তারপর আর কোনও ক্রিকেটারকে ওই জার্সি পড়ে খেলতে দেখা যায়নি। এবার পাকাপাকিভাবে ওই জার্সিটি সংরক্ষণে পাঠাল ভারতীয় ক্রিকেট বোর্ড।

About Post Author