স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ ডিসেম্বর: মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মেরেছিলেন। তুরস্কের ক্লাব ফুটবলের এই ঘটনা রীতিমত শোরগোল ফেলে দিয়েছিল ফুটবল বিশ্বে। সেই অপরাধের শাস্তি পেলেন এমকেই অ্যাঙ্কারগুচুর সভাপতি ফারুক কোচা। তাঁকে আজীবনের জন্য নির্বাসিত করল তুরস্কের ফুটবল সংস্থা।

সোমবার তুরস্ক সুপার লিগে কেকুর রিজেসপোরের মুখোমুখি হয় অ্যাঙ্কারগুচু। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময় পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল অ্যাঙ্কারগুচু। তবে শেষ মুহূর্তে গোল হজম করে দলটি। খেলা শেষ হয় ১-১ গোলে। তাতেই ক্ষিপ্ত হন অ্যাঙ্কারগুচু ক্লাবের সভাপতি ফারুক কোচা। ম্যাচ শেষে দলবল নিয়ে চড়াও হন রেফারি হালিল উমুট মেলেরের উপর। সজোরে ঘুষি মারেন রেফারির মুখে। ঘটনাস্থলে পড়ে যান রেফারি। তারপর তাকে উদ্দ্যেশ্য করে লাথি, ঘুষি চালায় সভাপতির দলবল। গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই রেফারিকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। জানা যায় হাড় ভেঙেছে তার। হাতাহাতির সময় আহত হন কোচাও। তাঁরও চিকিৎসা চলছে। অনির্দিষ্টকালের জন্য লিগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তুরস্ক ফুটবল সংস্থা। ঘটনার নিন্দা করেন সেদেশের রাষ্ট্রপতি-সহ ফুটবল বোর্ডের কর্তা ব্যক্তিরা।

অ্যাঙ্করগুচুর সভাপতির মাথায় যে শাস্তির খাড়া ঝুলছে সেই আভাস তখনই পাওয়া গিয়েছিল। এবার তাঁর শাস্তির কথা ঘোষণা করল তুরস্ক ফুটবল সংস্থা। তাঁকে আজীবন কালের জন্য নির্বাসিত করা হল। সেই সঙ্গে তাঁর ক্লাবকে জরিমানা করা হয়েছে প্রায় ৫৪ লক্ষ টাকা। আগামী পাঁচটি ম্যাচ তুরস্কের এই দলকে ঘরের মাঠে খেলতে হবে দর্শকহীন ভাবে। যদিও ইতিমধ্যে ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন কোচা। জানা গিয়েছে অ্যাঙ্কারা শহরের মেয়র হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। তবে নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে সোমবারের ঘটনার জন্য।


More Stories
সুতারের ভেলকি, ১৭৮ রানে এগিয়ে ভারত
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
ইস্টবেঙ্গলের সাফল্যের দিনে তুর্কমেনিস্তানে গোয়ার হার