Home » দুরন্ত হিজাজি মাহের , মুম্বই সিটি এফসিকে আটকে সাতে উঠে এল ইস্টবেঙ্গল

দুরন্ত হিজাজি মাহের , মুম্বই সিটি এফসিকে আটকে সাতে উঠে এল ইস্টবেঙ্গল

সময় কলকাতা ডেস্ক,১৬ ডিসেম্বর : সাপলুডোর মত আইএসএল টেবিলে ইস্টবেঙ্গল ওঠা নামা লেগেই আছে। পাঞ্জাব এফসির সঙ্গে ড্র করে ষষ্ঠ স্থানে উঠে এলেও আবার নবম স্থানে নেমে যেতে হয়েছিল। শনিবার আবার সাত নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।মুম্বই গিয়ে বাঘের ডেরায় বাঘ শিকার না করলেও বাঘের থাবা থেকে নিজেদের বাঁচিয়ে একটি পয়েন্ট নিয়ে ফিরছে ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসির সঙ্গে ম্যাচ গোলশূন্য রেখে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ইস্টবেঙ্গল যা অ্যাওয়ে ম্যাচের নিরিখে সাফল্য হিসেবে ধরা যেতেই পারে। ম্যাচে মুম্বই এফসির প্রাধান্য থাকলেও মাঝে মাঝে মরিয়া কামড় বসানোর চেষ্টা করেছে ইস্টবেঙ্গল। তবে লক্ষ্য ছিল এক পয়েন্ট আর  হিজাজি মাহের ও নুঙ্গাদের লড়াইয়ে সেই লক্ষ্যে সফল  ইস্টবেঙ্গল।

সেন্ট্রাল ডিফেন্সে  জর্ডন এলসে চোট পাওয়ার পরে ইস্টবেঙ্গল জর্ডান থেকে নিয়ে এসেছিল  হিজাজি মাহের কে। এতদিন দর্শকদের প্রবল ভাবে মুগ্ধ করতে পারেননি সেন্ট্রাল ডিফেন্ডার কিন্তু শনিবার অসামান্য লড়াই করলেন ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা জর্ডন জাতীয় দলের ফুটবলার। এদিনের ম্যান অফ দ্যা ম্যাচ ৯০ মিনিট ও দু অর্ধ মিলিয়ে সংযোজিত ১১ মিনিট  হিজাজি মাহের পাশে নুঙ্গাকে নিয়ে দুর্দান্ত লড়লেন। ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিলেন হিজাজি। চোখে পড়লেন নিশু কুমারও। গোলে দুর্ভেদ্য ছিলেন  প্রভসুখন গিল।মুম্বই অনেক বেশী সুযোগ তৈরি করলেও  হিজাজি মাহের , প্রভসুখন, নিশু, সৌভিক, ক্রেসপো-দের লড়াই  ইস্টবেঙ্গলের গোল অক্ষত রাখে এদিন । খেলার শেষদিকে ক্লেটন সিলভার সামনে যে সুযোগ এসেছিল তা কাজে লাগালে ইস্টবেঙ্গল লিগ টেবিলে নিজেদের জায়গা আরও মজবুত করে ফেলতে পারত। তবুও  এই ১ পয়েন্ট ইস্টবেঙ্গলকে বাড়তি মানসিক শক্তি দেবে বলাইবাহুল্য। ৮ খেলায় ১৬ পয়েন্ট মুম্বই সিটি এফ সির, ইস্টবেঙ্গলের ৯ খেলায় সংগৃহীত পয়েন্ট ১০।

আরও পড়ুন ভারতীয় ক্রিকেটে রোহিত জমানা কি অবসানের পথে?

About Post Author