Home » ভারতীয় ক্রিকেটে রোহিত জমানা কি অবসানের পথে?

ভারতীয় ক্রিকেটে রোহিত জমানা কি অবসানের পথে?

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর : ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মার জমানা কি অবসানের পথে? টি টোয়েন্টি ফরম্যাটে আদৌ কি আর কখনও ভাবা হবে রোহিত শর্মাকে?  রোহিত শর্মার জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভালোবাসাকে রাজনৈতিকভাবে ধীরে ধীরে প্রভাবহীন করে দেওয়ার প্রক্রিয়া কি চূড়ান্ত পর্বে?   ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহের মন্তব্য এবং অবশেষে নীতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্ত কী সেদিকেই ইঙ্গিত দিচ্ছে না? রোহিত জমানা অবসানে কী কী সমীকরণ কাজ করছে ?

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ যতই সকলের কথা শুনুন এবং সকলের মন্তব্যকে গুরুত্ব দিন, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তিনি যে নিজেই নেন সে কথা সর্বজনবিদিত। আর তাই হয়তো এবার তিনি যা চেয়েছিলেন সেই দেওয়াল লিখনকে স্পষ্ট করে তুলল মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে চয়ন করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারের একদিনের বিশ্বকাপে রোহিত শর্মার ডাকাবুকো ব্যাটিং ও সেলফ লেস ক্রিকেট, নির্ভুল অধিনায়কত্ব এবং ফাইনাল বাদ দিলে টানা ১০ ম্যাচে ভারতের জয় রোহিত শর্মাকে টি-টোয়েন্টি ম্যাচে আসমুদ্র হিমাচল জনপ্রিয়তার নিরিখে অধিনায়কত্বের দাবিদার করে তোলে। জয় শাহ তেমনটা চাইছিলেন বলে মনে হয়নি।বোর্ড সচিব জানিয়ে দিয়েছেন , ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ কয়েক মাস সময় আছে। তার আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। আইপিএল আছে। বিশ্বকাপ নিয়ে ভাবার সময় এখনও আসেনি। রোহিত নেতৃত্ব দেবে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকার ব্যাপারেও রোহিতকে আশ্বাস দেওয়া হয়নি।’’ ঠিক এই মন্তব্যের পর পরই দেখা গেল ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার গ্রহণযোগ্যতাকে পেছনে ফেলে গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে সাম্প্রতিক সময়ে নজরকাড়া সাফল্য পাওয়া হার্দিক পান্ডিয়াকে চয়ন আইপিএল টি২০ ম্যাচের সমীকরণে ব্যাখ্যা করা যায়। বলা যেতেই পারে, সাম্প্রতিক সময়ে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে সাফল্য চোখে পড়ার মত নয়। কিন্তু দেশ চাইছিল রোহিত শর্মা অধিনায়কত্ব করুন টি-টোয়েন্টি ম্যাচে। কিন্তু প্রশ্ন হচ্ছে বোর্ড সচিব কি আদৌ চাইছিলেন রোহিতকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে। হয়তো চাইছিলেন না আর তার প্রতিফলন দেখা গেছে তার বক্তব্যে আর তার প্রতিফলনই কি নিতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের নেওয়া সিদ্ধান্তে?

তাহলে কি রোহিত জমানা অবসানের ইঙ্গিত দেওয়ার জন্য নীতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সকেই বেছে নিয়েছে বোর্ড? তবে কি শাহ – আম্বানি সমীকরণের কাছে হার মানতে হল আসমুদ্র হিমাচলের রোহিত-মুগ্ধতার দাবীকে, রোহিত কে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার? ক্রীড়া বিশ্লেষকরা অন্তত তেমনটাই মনে করছেন।

About Post Author