Home » UEFA Champions League: প্রকাশিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সূচি, কঠিন লড়াই বার্সেলোনার

UEFA Champions League: প্রকাশিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সূচি, কঠিন লড়াই বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ ডিসেম্বর: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সূচি ঘোষণা করল উয়েফা। সুইজারল্যান্ডের নিওনে শহরে বসেছিল এই সূচি প্রকাশের আসর। সোমবার সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন উয়েফার উপ-মহাসচিব জর্জিও মার্কেত্তি। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কিংবদন্তি চেলসি অধিনায়ক জন টেরি। যাঁর নেতৃত্বে ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ইংল্যান্ডের ক্লাবটি।

মোট আটটি গ্রুপ থেকে ষোলোটি দল জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। এই ষোলোটি দলের মধ্যে রয়েছে: ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), আর্সেনাল (ইংল্যান্ড), বার্সেলোনা (স্পেন), রিয়াল মাদ্রিদ (স্পেন), অ্যাথলেটিকো মাদ্রিদ (স্পেন), রিয়াল সোসিয়াদাদ (স্পেন), নাপোলি (ইতালি), ইন্টার মিলান (ইতালি), লাজিও (ইতালি), বায়ার্ন মিউনিখ (জার্মানি), বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), লাইপজিগ (জার্মানি), পিএসজি (ফ্রান্স), কোপেনহেগেন (ডেনমার্ক), পিএসভি(নেদারল্যান্ডস) এবং পোর্তো (পর্তুগাল)। এবার একনজরে দেখে নেওয়া যাক ড্রয়ের পর কোন দল কাদের মুখোমুখি হতে চলেছে?

শেষ ষোলোর প্রথম ম্যাচে আর্সেনাল মুখোমুখি হবে পোর্তোর। পর্তুগালের ক্লাবটি মোট ২ বার ইউরোপ সেরা হয়েছে। তবে এখনও ইউরোপ সেরার খেতাব জিততে পারেনি আর্সেনাল। দ্বিতীয় ম্যাচে হাইভোল্টেজ লড়াই। অনেকে এই ম্যাচকে বলছেন ‘মারাডোনা ডার্বি’। যেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা ও নাপোলি। একটা সময় দুটি দলের জার্সিতে চুটিয়ে খেলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনা। তৃতীয় ম্যাচে কিলিয়ন এমবাপ্পের পিএসজি মুখোমুখি হতে রিয়াল সোসিয়াদাদের। চতুর্থ ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে তিনবারের ফাইনালিস্ট অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। পঞ্চম ম্যাচে পিএসভির মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড। ষষ্ঠ ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন খেলবে লাজিওর বিরুদ্ধে। সপ্তম ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার দলের প্রতিপক্ষ কোপেনহেগেন। অষ্টম ম্যাচে মাঠে নামবে এই প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহামদের খেলতে হবে লাইপজিগের বিরুদ্ধে।

আরও পড়ুন: Premier League: অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ড্র লিভারপুলের, লিগ শীর্ষে আর্সেনাল

শেষ ষোলোটি দলকে নিয়ে মোট ষোলোটি ম্যাচ হবে। যেখানে একটি দল বিপক্ষের বিরুদ্ধে ঘরে ও বাইরের মাঠে দুটি ম্যাচ খেলবে। এই ম্যাচে জয়ী দল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। মোট ৮ দলকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের জয়ী ৪ দলকে নিয়ে হবে সেমিফাইনাল। সেমিফাইনালে বিজয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। আগামী বছরের ১ জুন হবে চলতি প্রতিযোগিতার মেগা ফাইনাল। এবারে ফাইনাল আয়োজন করার দায়িত্ব পেয়েছে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম।

About Post Author