স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ ডিসেম্বর: বিতর্ক পিছু ছাড়ছে না নবীন-উল-হকের। আগামী ২০ মাসের জন্য বাইশ গজ থেকে নির্বাসিত হলেন আফগান পেসার। চুক্তির নিয়মভঙ্গের দায়ে অভিযুক্ত নবীন। তার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরশাহিতে গত বছর থেকে শুরু হয়েছে টি- টোয়েন্টি লিগ। লিগের নাম আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি বা আইএলটি ২০। অনেকটা ভারতের আইপিএলের ধাঁচে। দেশ বিদেশের নামী তারকারা অংশ নেন সেই প্রতিযোগিতায়। আইএলটি ২০-র উদ্বোধনী মরসুমে শারজা ওয়ারিয়র্স দলের হয়ে খেলেন নবীন। দ্বিতীয় মরসুমে তাঁকে দলে রেখে দিতে চেয়েছিল শারজার ফ্র্যাঞ্চাইজি দলটি।

আরও পড়ুন বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে প্রাণহানির জের, এবার ৬০টি জলের ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত পূর্ব রেলের
তবে চুক্তি পুনর্নবীকরণ করতে অস্বীকার করেন নবীন। আফগান পেসারের বিরুদ্ধে চুক্তির শর্তভঙ্গের অভিযোগ ওঠে। এবার ক্রিকেটারকে আগামী ২০ মাসের জন্য নির্বাসিত করা হল। আইএল টি-টোয়েন্টির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডেভিড হোয়াইট এক বিবৃতিতে বলেছেন, ‘ আমরা খুব গর্বের সঙ্গে এই খবর দিচ্ছি না। তবে নবীন উল হকের এ ধরনের আচরণ একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করতে পারে। যার ফলে ক্ষতি হতে পারে লিগের বাকি দলগুলির। নবীনের সঙ্গে শারজা ওয়ারিয়র্সের চুক্তি ছিল। তবে সেটা অস্বীকার করায় নবীনকে নির্বাসিত করতে বাধ্য হচ্ছি।’এই সময়ের মধ্যে তিনি ওই প্রতিযোগিতা খেলতে পারবেন না। তবে নির্বাসনের জন্য অন্য লিগে খেলার জন্য তাঁর কোনও বাঁধা থাকবে না।

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিরাট কোহলির সঙ্গে ঝামেলা করে শিরোনামে আসেন নবীন। তবে সদ্য সমাপ্ত আইসিসির একদিনের বিশ্বকাপে সেই বিবাদ মিটে যায়। আফগান বোলারটির সঙ্গে তিক্ততা মিটিয়ে নেন খোদ কোহলি। ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে দুরন্ত খেলে আফগানিস্তান দল। যেই সব ক্রিকেটাররা বিশ্বকাপে নজর কেড়েছিলেন তাদের মধ্যে অন্যতম নবীন উল হক। যদিও ক্রিকেটারটি ঘোষণা করেছিলেন তিনি একদিনের ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিতে চান। মনোনিবেশ করতে চান টি-টোয়েন্টি ফরম্যাটে। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান নবীন। তবে আইএলটি ২০ প্রতিযোগিতায় নির্বাসন তার ভাবমূর্তিতে এখন প্রভাব ফেলে কিনা সেটাই দেখার।


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত